মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

‘ওয়ানডে ক্রিকেট মরে গেছে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০২:২১ পিএম

শেয়ার করুন:

‘ওয়ানডে ক্রিকেট মরে গেছে’

টি-টোয়েন্টি ক্রিকেটের টানটান উত্তেজনা, চার-ছয়ের বন্যা, খেলা আকর্ষনীয় করতে নতুন নতুন সব নিয়মের প্রবর্তন, সম্প্রচারকদের নানা কলাকৌশল, স্পন্সরদের লাভ, ক্রিকেট বোর্ডগুলোর পর্যাপ্ত আয়- সব মিলিয়েই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাহিদা বেড়েই চলেছে।

মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অর্থের ঝনঝনানিই একে আকর্ষণীয় করে তুলেছে। আর তাই ক্রিকেটার থেকে শুরু করে বোর্ডগুলোও এই সংস্করণের ক্রিকেটেই বেশি আগ্রহী হয়ে ওঠেছে। তাই ধীরে ধীরে ওয়ানডে ক্রিকেটের প্রতি মানুষের টান অনেকটাই কমে গেছে। ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী মনে করেন ওয়ানডে ক্রিকেটের নিয়ম পরিবর্তন ধীরে ধীরে এটিকে সবথেকে বাজে ফরম্যাটে পরিণত করছে।

সম্প্রতি টকস্পোর্টস ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে মঈন আলী দাবি করেছেন যে, ওয়ানডে ফরম্যাট বর্তমানে ক্রিকেটের সবচেয়ে খারাপ ফরম্যাট। তিনি এই দাবির পেছনে যুক্তিও উপস্থাপন করেছেন। 

ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার বলেন, ‘বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি ছাড়া এই ফরম্যাট মরে গেছে। এটা সবচেয়ে খারাপ ফরম্যাট, এবং আমি মনে করি এর পেছনে অনেক কারণ আছে। নিয়মগুলো ভয়াবহ। প্রথম পাওয়ারপ্লের পর অতিরিক্ত ফিল্ডার রাখার নিয়ম, উইকেট নেওয়া বা চাপ তৈরি করার জন্য এটা ভয়াবহ একটা নিয়ম। এ কারণে এখন ক্রিকেটারদের গড় হচ্ছে ৬০-৭০।’

তিনি আরো বলেন, ‘তুমি যখন কাউকে বল করছ এবং চাপ তৈরি করছ, সে রিভার্স সুইপ খেলছে, সিঙ্গেলও নিচ্ছে না। চার হয়ে গেল। ব্যাটারদের রান করার সুযোগ করে দেওয়া হচ্ছে। সবকিছুর চেয়ে বড় ব্যাপার হলো- দুটি নতুন বল। এতে রিভার্স সুইং হারিয়ে ফেলেন। নরম বল হিট করার সুযোগ হারিয়ে ফেলেন। এসব কারণে ওয়ানডে ক্রিকেট মরে গেছে। ৫০ ওভারের ক্রিকেট একদম মরে গেছে।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণেই আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আগ্রহ কমেছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘সমস্যা হলো- ওখানে টাকা আছে। টাকা ছড়ানো হয়। এটা এত বেশি যে মানুষ এটা ফেলতে পারে না। এড়িয়ে যাওয়া খুব কঠিন। আগামী কয়েক বছরে এমন অনেককেই দেখা যাবে যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবে।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর