চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দল হিসেবে ফাইনালে খেলা নিশ্চিত করেছে ভারত। গতকাল সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কেটেছে রোহিত শর্মার দল। এদিকে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর এবার একদিনের ক্রিকেটের টুর্নামেন্টের ফাইনালে তুলেও সমালোচনা থেকে রেগাই মিলছে না রোহিতের।
রোহিত সমালোচনায় আছেন আরও আগে থেকেই। লাল বলের ক্রিকেটে তার নিজের অফ ফর্ম ও দলের ভালো করতে না পারার কারণে নানা রকম সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে। এদিকে সাদা বলের ক্রিকেটেও তেমন একটা ফর্মে নেই তিনি।
বিজ্ঞাপন
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের একটিতে সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর ৫ ওয়ানডে খেলে তিনি সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেছেন। এ কারণে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে বেশ।
এদিকে গতকাল অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের ফাইনাল নিশ্চিতের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন গৌতম গম্ভীর। সেখানেও তাঁকে রোহিতকে নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। জবাবে ভারতের প্রধান কোচ জানিয়েছেন, ফর্ম কিংবা গড় নয়, ইম্প্যাক্ট দেখেই রোহিতকে দলে রেখেছেন তারা।
গম্ভীর বলেন, ‘দেখুন, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল সামনে। এর আগে কী বলতে পারি? যদি আপনার অধিনায়ক এমন একটা গতিতে ব্যাটিং করে, এটা ড্রেসিংরুমে ভালো একটা বার্তা দেয় যে আমরা ভয়ডরহীন, সাহসী ক্রিকেট খেলতে চাই। আপনারা রান মূল্যায়ন করেন, আর আমরা ইমপ্যাক্ট দেখি। এটাই পার্থক্য। সাংবাদিক, বিশেষজ্ঞ হিসেবে আপনারা সংখ্যা দেখেন, গড় দেখেন। কিন্তু কোচ হিসেবে, দল হিসেবে আমরা এসবের দিকে তাকাই না। অধিনায়ক যদি দলকে সাহায্য করার জন্য সবার আগে হাত বাড়িয়ে দেয়, ড্রেসিংরুমের জন্য এর চেয়ে ভালো কিছু নেই।’




