বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলই এরই মধ্যে তাদের প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তাই আজকের ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে। ব্যর্থতার ক্ষতে প্রলেপ লাগাতে দুই দলই শেষ ভালোর আশায়।
টানা দুই হারের ফলে পাকিস্তানকে সঙ্গে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সেমির রেস থেকে ছিটকে পড়ায় গুরুত্ব হারিয়ে ফেলল টুর্নামেন্টে টাইগারদের বাকি থাকা পাকিস্তান ম্যাচ। বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও মানছেন বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে আজকের শেষ ম্যাচ।
নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়াতে কোন সমীকরণ ছাড়াই বাদ পড়ল বাংলাদেশ ও পাকিস্তান। ফলে 'এ' গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট পেল নিউজিল্যান্ড ও ভারত। আজকের পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ দু'দলের কাছেই কেবল নিয়মরক্ষার। সেমিফাইনালে যাওয়া না হলেও পাকিস্তানের বিপক্ষে ভালো খেলে টুর্নামেন্ট শেষ করতে চায় বাংলাদেশ।
আর এই ম্যাচেও টাইগার একাদশে আসতে পারে একটি পরিবর্তন। গেল দুই ম্যাচে ব্যাট হাতে রান পাননি মুশফিকুর রহিম। পরপর দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে দল থেকে বাদ পড়তে পারেন তিনি। ফলে তার জায়গায় ওপেনার সৌম্য সরকারকে আবার ফিরিয়ে আনা হতে পারে একাদশে।
সেক্ষেত্রে আজ আবার ওয়ানডাউনে ফিরে যাবেন অধিনায়ক শান্ত। মিরাজকে দেখা যাবে চার নাম্বারে। মাহমুদউল্লাহ রিয়াদ নামবেন তার আইসিসি ইভেন্টের শেষ ম্যাচটা খেলতে। তিন পেসার হিসেবে যথারীতি থাকছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।
যদিও রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ মাঠে নামার সুযোগ পাবে কি না সেটাও এক বড় প্রশ্ন। নিয়মরক্ষার এই ম্যাচের আগে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলকেই তাকিয়ে থাকতে হচ্ছে আকাশের দিকে। বেশ কিছুদিন ধরেই রাওয়ালপিন্ডিতে ব্যাপক আকারের বৃষ্টিপাত চলছে। আজও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখানো হয়েছে ৮৮ শতাংশ। আসরের শেষ ম্যাচে তাই বাংলাদেশকে মাঠে দেখা যাবে কি না, সেটাও বেশ বড় প্রশ্ন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এবং মুস্তাফিজুর রহমান।




