দীর্ঘ ২৮ বছর পর পাকিস্তানের মাঠে হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈশ্বিক কোনো টুর্নামেন্ট। সবশেষ ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে সহ আয়োজক ছিল পাকিস্তান। সব কিছু ঠিক থাকলে ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে।
তবে বড় এই আসরের আগে ভারতীয় দলের চিন্তা ভাজ পেস বোলিং নিয়ে। ভারতীয় দলের পেস অ্যাটাকের সেরা অস্ত্র জসপ্রীত বুমরাহ চোটের কবলে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুমরাহকে ফিট করে তোলার সবরকম চেষ্টা চলছে। কিন্তু ভারতের গণমাধ্যমের তথ্য অনুসারের, বুমরাহের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।
সিডনি টেস্টে পিঠের ইনজুরিতে পড়ার পর এখনও ফিট হয়ে উঠতে না পারলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে ৩১ বছর বয়সী বুমরাহকে। কিন্তু টাইমস অব ইন্ডিয়ার সবশেষ প্রতিবেদন অনুযায়ী, ৮ দলের এই টুর্নামেন্টে বুমরাহর অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বুমরাহর পিঠের চোট পর্যবেক্ষণ করছেন নিউ জিল্যান্ডের অর্থপেডিক সার্জন রোয়ান শুটেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহর খেলা না খেলা এই বিশেষজ্ঞের চূড়ান্ত প্রতিবেদনের ওপরই নির্ভর করছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিসিসিআই এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিশ্বের নম্বর ওয়ান টেস্ট বোলারের বিকল্প খোঁজা শুরু করেছে কারণ এই টুর্নামেন্টের আগে বুমুরাহর সময়মতো ফিট হয়ে ওঠার সম্ভাবনা খুবই কম।
এখন প্রশ্ন হচ্ছে যদি বুমরাহ না খেলতে পারেন তাহলে তার জায়গায় কে সুযোগ পাবেন। তালিকায় সবার আগে নাম রয়েছে মোহাম্মদ সিরাজের। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে সিরাজের বাদ পড়া অনেককেই অবাক করেছিল। তবে বুমরাহ না খেলতে পারলে ফের দেখা যেতে পারে সিরাজকে।
তবে সিরাজের সঙ্গে লড়াইয়ে রয়েছে আরও দুই পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে সুযোগ পেতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা। ১৭টি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে তরুণ পেসারের। তার বলে গতি-সুইং দুই রয়েছে।
আরেক জন পেসার বুমরাহের বদলে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন মুকেশ কুমার। মুকেশের ১৭টি টি-টোয়েন্টি ও ৬টি ওয়ান্ডে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।




