বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

যে কারণে এমবাপেদের খেলা দেখতে মানা করলেন কোচ দিদিয়ের দেশম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৪, ০৮:৫২ এএম

শেয়ার করুন:

যে কারণে এমবাপেদের খেলা দেখতে মানা করলেন কোচ দিদিয়ের দেশম

ইউরোর এবারের আসরে ফ্রান্সের ভাগ্য যে বেশ ভালো তা বললে বোধহয় খুব একটা ভুল হবে না। ফরাসিরা এখনো পর্যন্ত খেলেছে মোট ৫টি ম্যাচ। গ্রুপ পর্বে ৩টি এবং শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল মিলিয়ে ৫টি ম্যাচ খেলে ওপেন প্লে থেকে ১টিও গোলের দেখা না পেয়েই শেষ চারে জায়গা করে নিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

সেমিফাইনালে আজ স্পেনের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। তবে এবারের আসরে এখনো পর্যন্ত ওপেন প্লে থেকে কিলিয়ান এমবাপেদের গোল করতে না পারা সমর্থকদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি ফরাসিদের খেলা দেখাটা খুবই একঘেয়ে হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেছিলেন প্রিমিয়ার লিগে খেলা সাবেক ফুটবলার ক্রিস সাটন।

এবারের আসরে ফ্রান্সের খেলা দেখে মোটেই খুশি হতে পারেননি চেলসির হয়ে খেলা সাবেক স্ট্রাইকার সাটন। তাই তো কোয়ার্টার ফাইনালের পর তিনি বলেন, ‘ওরা যদি আমার ঘরের পেছনে বাগানেও খেলে তবুও আমি খেলা দেখতাম না, জানালার পর্দা টেনে দিতাম।’

ফ্রান্স এবারের আসরে একঘেয়ে ফুটবল খেলছে- এমন প্রসঙ্গ ওঠে এসেছে সেমিফাইনালের আগে ফরাসিদের কোচ দিদিয়ের দেশমের ম্যাচ পূর্ববর্তী সবগবাদ সম্মেলনেও। সেখানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে দেশম বলেন, ‘যদি আমাদের খেলা দেখতে আপনার ভালো না লাগে, তাহলে আপনি অন্য ম্যাচ দেখুন। আমাদের খেলা দেখতে হবে না।’

পারফর্ম্যান্স যেমনই হোক না কেন, শুধুমাত্র খেলার ফল দিয়েই দেশের মানুষকে খুশি করতে পারাটাও একটা অর্জন জানিয়ে দেশম আরও বলেন, ‘হয়তো আমরা আগের মত খেলতে পারছি না, কিন্তু আমাদের সক্ষমতা আছে, আমাদের খেলার ফলাফল দিয়েই আমরা অনেক ফরাসির খুশির কারণ হতে পারি যখন আমাদের দেশ একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।’

তবে ফ্রান্স যে একঘেয়ে ফুটবল খেলছে তা একেবারেই মেনে নিতে চাননি স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘খেলায় ভালো ফল পেতে স্পেন নান্দনিক ফুটবল খেলার চেষ্টা করে। কিন্তু টুর্নামেন্টের এই পর্যায়ে এসে কেবল ফলাফলটাই গুরুত্বপূর্ণ, কারণ ম্যাচের ফলাফল দিয়েই আমাদের কাজকে মূল্যায়ন করা হয়।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর