২০২২ সালে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়েছেন লিওনেল মেসিরা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কদিন পরই নামছে কোপা-আমেরিকার মিশনে। এদিকে পুরুষ ফুটবল দল যখন একের পর এক সাফল্যের দিকে এগিয়ে চলছে তখন দুর্দশা দেশটির নারী ফুটবল দলে।
বোর্ডের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে আর্জেন্টিনা জাতীয় নারী দল থেকে সরে দাঁড়িয়েছেন তিন ফুটবলার। বোর্ডের অর্থনৈতিক দুর্দশা এবং নারী ফুটবলারদের পর্যাপ্ত সুযোগ সুবিধা না দেয়ার প্রতি অভিযোগ করেছেন এই তিনজন।
আর্জেন্টিনা জাতীয় দল থেকে নিজেদের সরিয়ে নেয়া এই ৩ ফুটবলার হলেন, গোলরক্ষক লরিনা অলিভিয়েরস, ডিফেন্ডার হুলিয়েতা ক্রুজ এবং মিডফিল্ডার লরিনা বেনিতেজ।
আগামী শুক্রবার এবং এরপর ৩ জুন কোস্টারিকার বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা নারী দল। এই ম্যাচ দুইটি সামনে রেখে ইতোমধ্যে ক্যাম্প শুরু হয়েছে। তবে জাতীয় দল থেকে সরে দাঁড়ানো এই ৩ ফুটবলার জানিয়েছেন, ঘরের মাঠে খেলা হওয়ায় কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দুইটি খেলে তারা কোনো অর্থ পাবেন না।
অর্থনৈতিক দিকের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েও অভিযোগ জানিয়েছেন এই তিন তারকা। অনুশীলনে তাদের পর্যাপ্ত নাস্তা না দেয়া, পরিবারের সদস্যদের স্টেডিয়ামে নিতে হলেও অর্থ দিতে হয়- এসব নিয়ে অভিযোগ জানিয়েছেন তারা।
দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইন্সটাগ্রামে দেয়া এক পোস্টে ক্রুজ লিখেন, ‘লাগাতার অনিয়ম, মূল্যায়ন না করা, আমাদের কোনো কথা না শোনা, এবং অপমানিত হতে হতে ক্লান্ত হয়ে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। আর্জেন্টিনার নারী ফুটবল দলের জন্য আমাদের সুযোগ-সুবিধা দিতে হবে। আমি কেবল অর্থনৈতিক দিকটার কথা বলছি না। আমাদের অনুশীলন, দুপুরের খাবার কিংবা সকালের নাস্তার কথাও বলছি।’
সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে গোলরক্ষক অলিভিয়েরস লিখেন, ‘ভাঙা হৃদয় নিয়ে বলছি, এখানে স্বপ্নগুলো ধীরে ধীরে মরে যায়। আশা করছি পরবর্তী প্রজন্মে যারা ফুটবলে আসবে, তারা উপভোগ করতে পারবে। যেমনটা কিছুদিন আগেও আমরা করেছিলাম।’




