গত বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ঘরের মাটিতে এই টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছে স্বাগতিকরা। রোহিত শর্মার দল শুরু থেকে টানা দশ ম্যাচ জিতে পা রাখে ফাইনালে। নিশ্চিতভাবেই শিরোপার অন্যতম দাবীদার ছিল দলটি। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হয় রোহিত-কোহলিদের।
ঘরের মাটিতে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে ওঠেও শিরোপা ঘরে তুলতে না পারার অনুভূতি কেমন ছিল? হতাশার সেই ম্যাচের দীর্ঘ সময় পর সম্প্রতি এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতি জনপ্রিয় কমেডি শো- দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে অতিথি হয়েছিলেন রোহিত শর্মা এবং শ্রেয়াস আইয়্যার। সেখানেই তাঁকে সঞ্চালক কপিল শর্মা জিজ্ঞেস করেছিলেন এমন প্রশ্ন।
জবাবে রোহিত শর্মা বলেন, ‘এটা বলা খুব মুশকিল। কারণ সেই ম্যাচের আগের দুদিন আমরা আহমেদাবাদে ছিলাম। প্র্যাকটিস করেছি। টিমের মধ্যে একটা ভালো মোমেন্টাম তৈরি হয়েছিল। যেন গোটা টিম অটোপাইলটে চলছিল।’
তিনি আরও বলেন, ‘যখন ফাইনাল শুরু হল আমরা ভালোই করেছিলাম শুরুর দিকে। কিন্তু আমার মনে হয় শুভমন গিল সেদিন তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল। কিন্তু তারপর বিরাট এবং আমার ভালো পার্টনারশিপ তৈরি হয়ে গিয়েছিল। তাই ভেবেছিলাম আমরা একটা ভালো স্কোর হয়তো দাঁড় করাতে পারব।’
তবে সেদিন অস্ট্রেলিয়া দারুণ খেলেছে জানিয়ে রোহিত বলেন, ‘আত্মবিশ্বাস ছিল একটা। কিন্তু বড় ম্যাচের ফাইনাল যখন আপনি খেলেন তখন বোর্ডে রান তৈরি করে দিলে তখন উল্টো দিকের দলে প্রেসার তৈরি হয়ে যায়। ১০০ রান করলেও ওরা ভাবে যে এটা আমাদের করতে হবে। আর এই প্রেসারে যা খুশি হতে পারে। ওরা খুব ভালো ক্রিকেট খেলেছে সেদিন। ওদের ভালো পার্টনারশিপ তৈরি হয়েছিল।’
বিশ্বকাপ জিততে না পারায় দেশবাসী হতাশ হতে পারেন জানিয়ে রোহিত বলেন, ‘আমি ভেবেছিলাম, আমাদের দেশে বিশ্বকাপ হলো কিন্তু আমরা জিততে পারলাম না। এ কারণে দেশবাসী হয়তো দুঃখ পাবে। কিন্তু সেই হারের পর আমি দেশের যেখানেই গিয়েছি, সবাই বলেছে যে যেভাবে আমরা খেলেছি তাই হৃদয় জিতে নিয়েছে।’




