রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

শ্রীলংকার বিপক্ষে ২ সেঞ্চুরি হাঁকাবেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২২, ১০:১২ এএম

শেয়ার করুন:

শ্রীলংকার বিপক্ষে ২ সেঞ্চুরি হাঁকাবেন মুমিনুল

সম্প্রতি বেশ সমালোচিত হয়েছেন বাংলাদেশের টেস্ট কাপ্তান মুমিনুল হক। ব্যাটে নেই রান, তার অধিনায়কত্বও বার বার জন্ম দিয়েছে প্রশ্নের। তবে এমন খারাপ সময়ে মুমিনুল পাশে পাচ্ছেন বিসিবি ও ব্যাটিং গুরু জেমি সিডন্সকে। গতকাল সাগরিকার নেটে টেস্ট অধিনায়ককে নিয়ে নিবিড় অনুশীলনে মত্ত ছিলেন সিডন্স। কাজ করেছেন টেকনিক, ফুটওয়ার্ক ও শট সিলেকশন নিয়ে। 

তবে মিডিয়ার সামনে অবশ্য এসব অস্বীকার করলেন অজি কোচ। বললেন কেবল মানসিক টোটকাই নাকি দিয়েছেন বাংলার লিটন মাস্টারকে। সিডন্স বলেন, ‘আমি তাকে বলেছি তার চিটাগংয়ে ৯ টি সেঞ্চুরি আছে। এখন সুযোগ এসেছে আরও দু’টি করার। সে তার মাঠকে ভালবাসে, আমি শুধু তাকে প্রস্তুত করার চেষ্টা করেছি। সে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করছে।’   

তবে রানে ফিরতে যে মুমিনুল মরিয়া তা আর বলার অপেক্ষা রাখে না। ঘরের মাঠে শ্রীলংকা, সব সমালোচনা ঝেড়ে ফেলার এটাই সুযোগ। তবে নির্বাচক আব্দুর রাজ্জাক দুশ্চিন্তার কিছু দেখছেন না টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটারকে নিয়ে।  

রাজ্জাক বলেন, ‘একটা দুইটা সিরিজ খারাপ হতেই পারে। তো তার জন্য একটা মানুষকে নিয়ে ফট করে একটা কথা বলে ফেলা ঠিক না। শুধু দুইটা সিরিজে আমরা মুমিনুলকে যেভাবে চিনি সেভাবে দেখিনি।’

আর মুমিনুলকে নিয়ে কথা বলার আগে তিনি কোন কাতারের ব্যাটার সেটাও একবার দেখে নিতে বললেন এই সাবেক বাঁহাতি স্পিনার, ‘ও কোন লেভেলের ব্যাটসম্যান এটাও আমাদের একটু দেখা উচিৎ। ওর নামটা কাদের কাতারে আছে, যে কাতারটা আমাদের দেশে নাইই। বলা তো সহজ, সবাই বলতে পারে। ওর খারাপ সময় যাচ্ছে যেতেই পারে আর কিছু না। মুমিনুলকে নিয়ে বাইরে যেরকম চিন্তা করছে আমরা ওরকম চিন্তা করছি না।’

এআইএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর