শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে। টাইগারদের হারের ম্যাচে ব্যাট হেসে শুধু মুমিনুলের। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। আর তার সুবাধে আইসিসির সর্বশেষ হালনাগাত করা তালিকায় উন্নতি হয়েছে টাইগার এই অলরাউন্ডারের। অন্যদিকে দুই ইনিংসে ৪ উইকেট নিয়ে থাকা খালেদ আহমেদেরও উন্নতি হয়েছে এই তালিকায়।
আজ আইসিসির প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক ৫০তম স্থানে আছেন মুমিনুল। বোলারদের মধ্যে ৯ ধাপ এগিয়ে ৮৯তম স্থানে আছেন পেসার খালেদ। প্রথম টেস্টে ৩২৮ রানে হেরে যাওয়া ম্যাচে দুই ইনিংসে লিটনের ব্যাটে আসে ২৫ ও ০ রান। এমন পারফরম্যান্সে তিনি ৭ ধাপ নিচে নেমে এখন অবস্থান করছেন যৌথভাবে ২৪তম স্থানে।
এদিকে ভালো পারফর্ম করতে না পারায় অবনতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। দুই ইনিংস মিলিয়ে তিনি করেন ১১ রান। ফলে তিনি পিছিয়েছেন ৯ ধাপ। বর্তমানে তার র্যাঙ্কিংয়ে ৫৩ নম্বরে। দুই ইনিংসেই শতক হাঁকানো শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জায়া ডি সিলভা র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়ে ১৫ ধাপ এগিয়ে এখন চতুর্দশ স্থানে। দুই ইনিংসে ১০২ ও ১৬৪ রান করা কামিন্দু মেন্ডিস পুনরায় র্যাঙ্কিংয়ে ঢুকেছেন, আছেন ৬৪তম স্থানে।
টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ তিন স্থান ধরে রেখেছেন যথাক্রমে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট ও পাকিস্তানের বাবর আজম। টেস্টে বোলারদের মধ্যে একে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, দুইয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড ও ভারতের জসপ্রিত বুমরাহ। তিন নম্বরে প্রোটিয়ান পেসার কাগিসো রাবাদা।
বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেট নেওয়া বিশ্ব ফার্নান্দো ৭ ধাপ এগিয়ে অবস্থান ৪৩তম। প্রথম ইনিংসে ৩টি ও দ্বিতীয় ইনিংসে ফাইফার নেওয়া কসুন রাজিথা ৬ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৩৮ নম্বরে। অলরাউন্ডারদের মধ্যে যথারীতি চূড়ায় ভারতের রবীন্দ্র জাদেজা। এই তালিকায় এক ধাপ এগিয়ে মেহেদী হাসান মিরাজ চতুর্দশ স্থানে। সাকিব আল হাসান আছেন তিনে।




