শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

রোহিত-দ্রাবিড়ের বিপক্ষে গুরুতর অভিযোগ সাবেক ভারতীয় ব্যাটারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৪, ১২:২২ পিএম

শেয়ার করুন:

রোহিত-দ্রাবিড়ের বিপক্ষে গুরুতর অভিযোগ আনলেন সাবেক ভারতীয় ব্যাটার

গত বছর ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে টানা ১০ ম্যাচ অপরাজিত ছিল ভারত। টানা সব ম্যাচ জিতেই ফাইনালে ওঠে রোহিত শর্মার দল। তবে শিরোপা জয়ের মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় স্বাগতিকরা। ঘরের মাঠে লাখো দর্শকের সামনে পুড়ে ছাই হয় বিরাট কোহলিদের আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন।

এদিকে ঘরের মাঠে ভারতের স্বপ্ন ছিনতাই হওয়ার পর কেটে গেছে আরও বেশ কয়েকটি মাস। তবে বিশ্বকাপ ফাইনালের চার মাস পরে এসে সাবেক ভারতীয় ব্যাটার মোহাম্মদ কাইফ গুরুতর অভিযোগ এনেছেন ভারতের অধিনায়ক রোহিত এবং কোচ রাহুল দ্রাবিড়ের বিপক্ষে।

সম্প্রতি দি লাল্লানটপে দেয়া এক সাক্ষাৎকারে কাইফ জানিয়েছেন, রোহিত-দ্রাবিড় মিলে নিজেদের ইচ্ছামত বিশ্বকাপ ফাইনালের পিচে পরিবর্তন এনেছেন। তবে ইচ্ছামত পরিবর্তন করে তারা নিজেদেরই বিপদ ডেকে এনেছেন বলেই জানিয়েছেন সাবেক এই ভারতীয় ব্যাটার।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানা গেছে, কাইফ বলেন, ‘বিশ্বকাপ ফাইনালের আগে তিনদিন আমি আহমেদাবাদে ছিলাম, সেখানে বেশ কিছু শো করেছি। আমি দেখেছি প্রতি সন্ধ্যায় রোহিত এবং দ্রাবিড় আসতো পিচ দেখতে। সেখানে দুজন মিলে ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকতো। এরপরের দিনও এসে একই কাজ করেছিল তারা দুজন।’

কাইফ বলেন, ‘রোহিত এবং দ্রাবিড় মিলে ফাইনালের আগের তিনদিন একই কাজ করেছে। আর আমি দেখলাম পিচের রঙ বদলে যেতে শুরু করেছে। পিচের রঙ কতটা বদলেছে সেটা বুঝাতে গিয়ে একটি উদাহরণও দিয়েছেন কাইফ। তিনি বলেন, আমি আজ একটা নীল শার্ট পড়লাম, কিন্তু তিনদিন পর সেটা হলুদ হয়ে গেলো, এতোটাই বদলে গিয়েছিল পিচের রঙ।’

কাইফ জানিয়েছেন, ফাইনালের আগে পিচে কোনো পানি দেয়া হয়নি, ঘাস রাখা হিয়নি। ফলে পিচ স্লো হয়ে যায়। কাইফ বলেন, ‘অস্ট্রেলিয়ার কামিন্স এবং মিচেল স্টার্ক জোরে বল করে, তাই চিন্তাটা ছিল তারা যেন একটি স্লো পিচ পায়। আর এটা করতে গিয়েই বিপদ টা হয়েছে।’

কাইফ আরও বলেন, ‘মানুষ বলে ‘পিচ কিউরেটরই সব কাজ করে, আমরা কিছু বলিনি’। কিন্তু এসবই আসলে মিথ্যা। তোমরা সেখানেই ঘুরছিলে, কিউরেটরের সাথে কথা বলছিলে, ‘ঘাস যেন কম থাকে, পানি কম দাও’। এই দুই লাইনই তো বলার ছিল। এখানে দোষেরও কিছু নেই। তোমরা হোম টিম, এইটুকু সুবিধা তো তোমরা নিবেই। কিন্তু সেই সুবিধা আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারিনি।’

সাবেক এই ভারতীয় ব্যাটার আরও জানিয়েছেন, সাধারণ পিচ হলে সেদিন মোহাম্মদ শামি, জস্প্রীত বুমরাহরা আরও ভালো বল করতেন এবং ভারত ম্যাচটি জিতেই নিতে পারতো বলেও আশা প্রকাশ করেন তিনি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর