সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

স্বরূপে ফিরতে চান তাসকিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৪, ০৭:১৮ পিএম

শেয়ার করুন:

স্বরূপে ফিরতে চান তাসকিন

ভারতের মাটিতে বিশ্বকাপ থেকেই পুরোনো চোট মাথা চাড়া দিয়েছে টাইগার পেসারদের নেতা তাসকিন আহমেদকে। এতে করে আসরটির সব কটি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। ঐ টুর্নামেন্ট শেষ হওয়ার পর থেকেই রয়েছেন পুনর্বাসনে। তবে বর্তমানে বোর্ডের তত্ত্বাবধানে প্রস্তুত হচ্ছেন মাঠে ফেরার জন্য। এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে ফিরে আসার ব্যাপারে আশাবাদী এই পেসার।

আসন্ন বিপিএল আসর শরু হতে আর মাত্র ১৬ দিন। এর আগেই নিজ দলে যোগ দিতে পারবেন বলেই আশা তাসকিনের। ইতিমধ্যে বোলিংও শুরু করেছেন তিনি। মঙ্গলবারও ঘাম ঝরিয়েছেন একাডেমি মাঠে। সেখানেই মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। জানালেন, এখন তিনি অনেকটাই সুস্থ। মাঠে ফেরার অপেক্ষা দ্রুত শেষ হবে বলেই আশা তার, ‘আল্লাহর রহমতে আগের থেকে ভালো। কাঁধে একটু সমস্যা হয়েছিল। এখন মাশাআল্লাহ আগের থেকে ভালো। লক্ষ্য বিপিএল দিয়ে আবার শুরু করা। প্রত্যাশা, নতুন বছরের শুরুটাও ভালো হোক।’

তাসকিনের বিশ্বাস, বিপিএল শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন, ‘পূর্ণ রানআপে বোলিং শুরু করেছি ইতিমধ্যে। এখনও করছি। এই নিয়ে পাঁচটা সেশন বোলিং করলাম। আগের থেকে ভালো অনুভব করছি। এখনও আসলে বিপিএল আসতে দুই সপ্তাহের বেশি বাকি আছে। তো আল্লাহ যদি চান, যদি সব ঠিকঠাক থাকে, বিপিএল দিয়েই শুরু করার লক্ষ্য। এখন পর্যন্ত বিপিএলটাই ফাইনাল।’

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে প্রথম ওয়ানডে ও টি-টোয়েন্টি জয় নিয়ে তাসকিন বলেন, ‘এটা আসলে খুবই শান্তির বিষয়। ব্যক্তিগতভাবে আমি যখন ম্যাচগুলো দেখছিলাম, সবাই এত দারুণ বোলিং করেছে, এটা খুবই স্বস্তির। কারণ দিন শেষে ফাস্ট বোলারদের দাপটে এই প্রথম নিউজিল্যান্ডে আমরা জয় ওয়ানডে পেয়েছি। একজন ফাস্ট বোলার হিসেবে এটা আসলেও অনেক শান্তির।’ 

এ সময় দলের সঙ্গে না থাকার আফসোস আছে কি না, জানতে চাইলে জবাবে তাসকিন বলেন, ‘অবশ্যই আমিও মিস করেছি। কারণ আমি নিউজিল্যান্ডে বল করতে সব সময় উপভোগ করি, সিম মুভমেন্ট ভালো পাওয়া যায়। ঐখানে থাকতে পারলে আমি আরও উপভোগ করতাম, জেতার সাক্ষী হিসেবে আমিও থাকতে পারতাম। তো যাই হোক, দিন শেষে তো আমাদেরই দল, সবাই আমরা একই, তাই জিততে পারাটাই বড় জিনিস। সামনে বাংলাদেশ পেস বোলিং ডিপার্টমেন্ট আরও ভালো করবে, সবাই মিলে একসঙ্গে আরো জয় উপহার দিব।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর