সেমি-ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। সেই স্বপ্ন পূরণ হওয়া দূরের কথা, বিশ বছরের মধ্যে সবচেয়ে বাজে ফল করে হতাশ হয়ে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। বিশ্বকাপে মোট ৯ ম্যাচ খেলে কেবল দুই জয় বাংলাদেশ। যা আগের কোনও বিশ্বকাপে এমন হয়নি লাল-সবুজদের। এর মধ্যে ভারত বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় চোখে পড়ার মতো। এদিকে ২০১৯ বিশ্বকাপের মতো আরেকটি অতিমানবীয় পারফরম্যান্স সাকিব থেকে ঠিকই আশা করেছিল ক্রিকেটের ভক্তরা।
কিন্তু সাকিব পারেননি তাদের সেই প্রত্যাশা পূরণ করতে। তার ব্যাক্তিগত ব্যর্থতার কারণ ব্যাখ্যা দিয়ে সাম্প্রতি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ' সাকিবের একটি তথ্য প্রকাশ করে। তারা জানিয়েছে, পুরো বিশ্বকাপ জুড়ে চোখের সমস্যা নিয়েই খেলেছেন সাকিব। ক্রিকবাজেরর প্রতিবেদনে সাকিব বলেন, 'এটা শুধু এক বা দুই ম্যাচের ব্যাপার ছিল না। পুরো বিশ্বকাপ জুড়ে চোখের সমস্যা আমার সাথে ছিল। আমি বল মোকাবিলা করতে অনেক বেশি অস্বস্তি বোধ করতাম।'
সাকিব আরও বলেন, 'ব্যাপারটা হচ্ছে, যখন আমি ডাক্তারের কাছে গেলাম, আমার কর্নিয়া বা রেটিনায় পানি জমা ছিল। তারা আমাকে ড্রপ দিয়েছিল এবং স্ট্রেস কমাতে বলেছিল। আমি জানিনা এটাই কারণ ছিল কি না। কিন্তু যখন আমি আবার যুক্তরাষ্ট্রে (বিশ্বকাপ শেষে) ডাক্তার দেখাই, সেখানে কোনো স্ট্রেস ছিল না। তো আমি ডাক্তারকে বললাম, যেহেতু বিশ্বকাপ নেই, আমার স্ট্রেসও নেই।'
ভারত বিশ্বকাপে ব্যাট হাতে ২৬.৫৭ গড়ে মাত্র ১৮৬ রান সংগ্রহ করেন সাকিব। আর বিশ্বকাপে প্রথম দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। ৯ ম্যাচের মধ্যে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় টাইগাররা।




