কল্পবিজ্ঞানের সিনেমাগুলোতে আমরা যেমনটা দেখি, ঠিক তেমনটাই বাস্তবে করে দেখালো চীনের রোবট নির্মাতা সংস্থা ইউবিটেক রোবটিক্স (UBTECH Robotics)। তাদের তৈরি নতুন রোবট ‘ওয়াকার এস২’ (Walker S2) এখন আর চার্জ দেওয়ার জন্য কারো সাহায্যের অপেক্ষায় থাকে না। ব্যাটারির শক্তি কমে গেলেই সে নিজে থেকে সেটি খুলে নতুন ব্যাটারি লাগিয়ে আবার কাজে ফিরে যেতে পারে। মানুষের মতো দেখতে এই রোবটটি বিরতিহীনভাবে ২৪ ঘণ্টা কাজ করতে সক্ষম, যা রোবট প্রযুক্তিতে এক নতুন বিপ্লব হিসেবে দেখা হচ্ছে।
অবিশ্বাস্য এই প্রযুক্তি কীভাবে কাজ করে?
বিজ্ঞাপন
ওয়াকার এস২ মূলত একটি ‘ডাবল ব্যাটারি সিস্টেম’ ব্যবহার করে। এর কাজের প্রক্রিয়াটি অত্যন্ত আধুনিক।
স্বয়ংক্রিয় সিদ্ধান্ত: রোবটটির ভেতরের সফটওয়্যার নিজেই বুঝতে পারে কখন ব্যাটারির চার্জ কমে গেছে। মানুষ যেমন ক্ষুধা পেলে খাবার খায়, এই রোবটটিও তেমনি চার্জ কমলে রিচার্জের সিদ্ধান্ত নিজেই নেয়।

ব্যাটারি বদলানোর প্রক্রিয়া: চার্জ কমে এলে রোবটটি নিজে থেকেই রিপ্লেসমেন্ট স্টেশনে চলে যায়। সেখানে নিজের হাত দিয়ে ব্যাক সাইড থেকে পুরনো ব্যাটারি খুলে চার্জিংয়ে রেখে দেয় এবং তাক থেকে নতুন একটি ব্যাটারি নিয়ে সেটে নেয়।
বিজ্ঞাপন
সময় সাশ্রয়: পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে রোবটটি মাত্র কয়েক মিনিট সময় নেয়। এরপর কোনো বাড়তি কমান্ড ছাড়াই সে পুনরায় নিজের কাজে ফিরে যায়।
আরও পড়ুন: পেশাদার টেনিসে খেলোয়াড়দের হারিয়ে ইতিহাস গড়ল সনির রোবট
চীনের কিছু ইলেকট্রিক গাড়ির ব্যাটারি পাল্টানোর প্রযুক্তির আদলে তৈরি এই সিস্টেমটি সময় বাঁচানোর পাশাপাশি কর্মক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে শিল্প-কারখানা বা সেবামূলক কাজে এমন ‘স্বয়ংসম্পূর্ণ’ (autonomous) কর্মীর চাহিদা ব্যাপকভাবে বাড়বে। ইউটিউবে প্রকাশিত এই রোবটের ভিডিওটি ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন এবং বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
এজেড




