রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

শুদ্ধ ও সুন্দর ভাষায় কথা বলা সুন্নাহ: শায়খ আহমাদুল্লাহ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

শুদ্ধ ও সুন্দর ভাষায় কথা বলা সুন্নাহ: শায়খ আহমাদুল্লাহ

বিশুদ্ধ, সুন্দর ও মার্জিত ভাষায় সবাইকে কথা বলতে উৎসাহিত করেছেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। মাতৃভাষা দিবসে তিনি বাংলা ভাষাভাষীদের এই আহ্বান জানান।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) নিজের ফেরিফাইড ফেসবুক পেজে তিনি আরও উল্লেখ করেন—রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিশুদ্ধ ও মার্জিত ভাষায় কথা বলতেন। শুদ্ধ সুন্দর ভাষায় কথা বলা সুন্নাহ।

ভাষার জন্য জীবন উৎসর্গকারীদের সম্মানে বাংলা ভাষাভাষী সবাইকে প্রমিত বাংলা চর্চা ও বিদেশি ভাষার ব্যবহার এবং বাংলা-ইংরেজি মিলিয়ে কথা বলা থেকে বিরত থাকতে পরামর্শ দেন প্রখ্যাত এই ইসলামিক স্কলার। তিনি বলেন, ‘তাঁদের অর্জনের প্রতি শ্রদ্ধা রেখে আসুন সবাই সর্বত্র নিঃসংকোচে প্রমিত বাংলা চর্চা করি। অপ্রয়োজনে বিদেশি ভাষার ব্যবহার ও বাংলিশ বর্জন করি।’

মহান আল্লাহর কাছে দোয়া করে তিনি বলেন, মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য যারা আত্মত্যাগ করেছেন- সেই আবদুস সালাম, আবদুল জাব্বার, রফিকুল ইসলাম ও বরকতুল্লাহকে মহান আল্লাহ আমাদের পক্ষ হতে উত্তম বিনিময় দান করুন। 

শায়খ আহমাদুল্লাহ স্বনামধন্য ইসলামি ব্যক্তিত্ব। বিদগ্ধ আলোচক, লেখক ও খতিব। ইসলামের খেদমতে তিনি নানামুখী কাজ করেন। লেখালেখি, গবেষণা ও সভা-সেমিনারে লেকচারসহ নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং বহুমুখী সেবামূলক কাজে সপ্রতিভ গুণী ও স্বনামধন্য এই আলেমে দ্বীন।

আস-সুন্নাহ ফাউন্ডেশন তারই প্রতিষ্ঠিত বেসরকারি সেবা ও দাওয়াহ প্রতিষ্ঠান। শায়খ আহমাদুল্লাহ দাওয়াহ ও গবেষণা বিষয়ে প্রায় শ’খানেক প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে তার লেখা প্রকাশিত হয়। আরবি ভাষাতেও প্রকাশিত হয়েছে তার অনেক প্রবন্ধ। জাপান, ভারত, আরব আমিরাত ও সৌদি আরবের একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর