শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

মন্দ স্বভাব থেকে মুক্তির দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

মন্দ স্বভাব থেকে মুক্তির দোয়া

আখলাকে হাসানা বা উত্তম চরিত্র অর্জনে উৎসাহিত করেছে ইসলাম। একইসঙ্গে মন্দ স্বভাবের কঠিন পরিণতির কথা উল্লেখ করে উম্মতকে সাবধান করেছেন বিশ্বনবী (স.)। ইরশাদ হয়েছে— ‘দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে যাবে না।’ (আবু দাউদ: ৪৮০১)

অতএব, মন্দ অভ্যাস ও মন্দ চিন্তা থেকে বেঁচে থাকার বিকল্প নেই। এজন্য নেককার মানুষের সঙ্গ ও উম্মাহর পূর্বসূরীদের জীবনী পাঠ করা জরুরি। এক্ষেত্রে কোরআনের তাফসির ও সীরাতে রাসুল পাঠ খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, যেন খারাপ অভ্যাস থেকে তিনি রক্ষা করেন। এ বিষয়ে হজরত আবু হুরায়রা (রা.) বলেন, আল্লাহর রাসুল (স.) এই দোয়া করতেন। দোয়াটি হলো—


বিজ্ঞাপন


 اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُوعِ؛ فَإِنَّهُ بِئْسَ الضَّجِيعُ، وَأَعُوذُ بِكَ مِنَ الْخِيَانَةِ؛ فَإِنَّهَا بِئْسَتِ الْبِطَانَةُ ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল জু-ই, ফাইন্নাহু বীসাদ্দজীউ, ওয়া আউজুবিকা মিনাল খিয়ানাতি ফাইন্নাহা বি-সাতিল বিত্বানাহ।’ অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে দুর্ভিক্ষ ও ক্ষুধা থেকে আশ্রয় চাই। কারণ তা নিকৃষ্ট শয্যাসঙ্গী। আমি আপনার কাছে আশ্রয় চাই খেয়ানত করা থেকে। কেননা তা খুবই নিকৃষ্ট বন্ধু। (আবু দাউদ: ১৫৪৭; ইবনে মাজাহ: ৩৩৫৪; ইবনে হিব্বান: ০৩/৩০৪; নাসায়ি: ০৩/১১১২)

আরও পড়ুন: মানসিক চাপে ঘুম না আসলে যে দোয়া পড়বেন

অন্য হাদিসে হজরত আবু আহমাদ শাকাল ইবনে হুমাইদ (রা.) বর্ণনা করেন, আমি রাসুলুল্লাহ (স.)-কে বললাম- আমাকে একটি দোয়া শিখিয়ে দিন। তিনি বললেন, তুমি বলো— اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي وَمِنْ شَرِّ بَصَرِي وَمِنْ شَرِّ لِسَانِي وَمِنْ شَرِّ قَلْبِي وَمِنْ شَرِّ مَنِيِّي ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি সাময়ি, ওয়া মিন বাচারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি ক্বালবি ওয়া মিন শাররি মানিয়্যি।’

অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে কোনো মন্দ কথা শোনা থেকে আশ্রয় চাই। চোখ দিয়ে মন্দ কিছু দেখা থেকে আশ্রয় চাই। জিহ্বা দিয়ে মন্দ কিছু বলা থেকে আশ্রয় চাই। অন্তরের খারাপ চিন্তা থেকে আশ্রয় চাই। দেহের কামনা-বাসনার খারাপ চিন্তা থেকেও আশ্রয় চাই।’(আবু দাউদ : ১৫৫১; তিরমিজি : ৩৪৯২)


বিজ্ঞাপন


আরও পড়ুন: উত্তম জীবন যাপনের দোয়া

হজরত জিয়াদ বিন ইলাকা (রা.) তার চাচা কুতবা ইবনে মালেক (রা.) থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (স.) এই শব্দ ও বাক্য বলে বলে দোয়া করতেন—اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়া’, অর্থ, ‘হে আল্লাহ! আমি আপনার কাছে মন্দ স্বভাব, মন্দ আমল এবং মন্দ কামনা-বাসনা থেকে পানাহ চাই।’ (তিরমিজি: ৩৫৯১; ইবনে হিব্বান: ৯৬০)।

আরও পড়ুন: সহবাসের দোয়া

উল্লেখ্য,  পাপের দিকে মনে প্রচণ্ড ঝোঁক সৃষ্টি হলে ধৈর্য ধারণ করা এবং পাপ থেকে আত্মসংবরণ করা ফরজ। কেউ পাপ কাজ করার দৃঢ় ইচ্ছা করার পর যদি আল্লাহর ভয়ে তা পরিত্যাগ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় গুনাহের পরিবর্তে সওয়াব লিপিবদ্ধ করে দেন। হাদিসে বর্ণিত হয়েছে—‘আর সে যদি কোনো পাপ করার সংকল্প করে; কিন্তু সে তা কাজে পরিণত না করে, তাহলে আল্লাহ তাআলা তাঁর নিকট একটি পূর্ণ নেকি লিপিবদ্ধ করে দেন।’ (সহিহ বুখারি হা/৬৪৯১ ও সহিহ মুসলিম হা/১৩১)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রাসুলুল্লাহ (স.)-এর শেখানো পদ্ধতিতে পাপ কাজ ও মন্দ চিন্তা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর