শিশু-কিশোরদের জামাতে ফজরের নামাজ আদায়ে উৎসাহিত করতে আলজেরিয়ায় শুরু হওয়া ‘রিজালুল ফজর’ উদ্যোগ ছড়িয়ে পড়েছে বিশটির বেশি দেশে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের দলবদ্ধভাবে মসজিদে যাওয়া ও ফজরের নামাজ আদায়ের ছবি-ভিডিও ছড়িয়ে পড়ার পর উদ্যোগটি ব্যাপক আলোচনায় এসেছে। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে নামাজের অভ্যাস গড়ে তোলা এবং মসজিদের সঙ্গে তাদের সম্পর্ক দৃঢ় করাই এ কর্মসূচির লক্ষ্য।
প্রায় চার বছর আগে আলজেরিয়ায় কোরআনের শিক্ষক ওমর ইসাউই কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে এ উদ্যোগ শুরু করেন। ফজরের জামাতে অংশ নেওয়ার পর শিশুদের জন্য নাশতার আয়োজন করা হতো। নিয়মিত নামাজে অংশ নেওয়া শিশুদের দেওয়া হতো পুরস্কার ও বিশেষ স্বীকৃতি। পাশাপাশি তাদের জন্য থাকত খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা। এতে ফজরের নামাজে অংশ নেওয়া শিশুদের কাছে আনন্দের অভিজ্ঞতা হয়ে ওঠে।
আরও পড়ুন: নামাজ পড়ে সাইকেল বিজয়ী ২৩০ শিশুকে শায়খ আহমাদুল্লাহর অভিনন্দন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্যোগটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিভিন্ন দেশের মানুষ এতে আগ্রহী হন। জর্ডানে ‘নিশামা আল-ফজর’, মরক্কোয় ‘ফুরসান আল-ফজর’ এবং মিসরে ‘রিজালাতুল ফজর’ নামে একই ধরনের কর্মসূচি শুরু হয়েছে। সিরিয়া, সুদান, কাতার, কুয়েত, বাহরাইন, ইয়েমেন, ওমান, লিবিয়া, লেবানন ও ফিলিস্তিনেও এ উদ্যোগের অনুরূপ কার্যক্রমের খবর পাওয়া গেছে। আরব বিশ্বের বাইরেও ভারত, তুরস্ক ও ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে এর প্রভাব।
জর্ডানের ইরবিদ শহরের শেখ নুহ আল-কুদাত মসজিদে ফজরের নামাজে শিশু-কিশোরদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় মসজিদের অতিরিক্ত তলাও মুসল্লিদের জন্য খুলে দিতে হয়। মরক্কো ও মিসরেও শিশু-কিশোরদের দলবদ্ধভাবে ফজরের নামাজে অংশ নেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: মহিমান্বিত ফজর: মুমিনের দিনের বরকতময় সূচনা
ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমদ বিন হামাদ আল-খলিলি উদ্যোগটির প্রশংসা করেছেন। বিশ্ব মুসলিম আলেম পরিষদও এ কর্মসূচির প্রশংসা করে শিশুদের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা তৈরি এবং মসজিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এর ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেছে।
তবে ফজরের সময় শিশুদের নিরাপত্তা, পর্যাপ্ত ঘুম এবং পড়াশোনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে মনে করছেন অনেকে। অভিভাবক ও শিক্ষকদের তত্ত্বাবধানে শিশুদের স্বেচ্ছায় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্থানীয় পর্যায়ে শুরু হওয়া এ উদ্যোগ এখন বিভিন্ন দেশের মসজিদ ও ইসলামি সংগঠনের আলোচনায়। আয়োজকদের প্রত্যাশা, এমন কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা তৈরি হবে এবং মসজিদমুখী হওয়ার অভ্যাস গড়ে উঠবে।
তথ্যসূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি ও সংশ্লিষ্ট সংবাদমাধ্যম




