বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইতালিতে মুসলিমদের বিরুদ্ধে ৭৩টি বিদ্বেষমূলক ঘটনার তথ্য প্রকাশ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

ইতালিতে মুসলিমদের বিরুদ্ধে ৭৩টি বিদ্বেষমূলক ঘটনার তথ্য প্রকাশ

ইতালিতে মুসলিমদের বিরুদ্ধে প্রায় আড়াই বছরে ৭৩টি বিদ্বেষমূলক ঘটনা নথিভুক্ত করেছে দেশটির ইসলামি সম্প্রদায়গুলোর ইউনিয়ন ইউসিওআইআই। মসজিদের দেয়ালে হুমকিমূলক লেখা, হয়রানি, মুসলিমবিরোধী বিক্ষোভ ও অনলাইনে ঘৃণামূলক বক্তব্যের মতো ঘটনা উঠে এসেছে সংগঠনটির প্রকাশিত এক প্রতিবেদনে।

‘ইতালিতে ইসলামবিদ্বেষ: শূন্য নম্বর প্রতিবেদন’ শিরোনামের ৯২ পৃষ্ঠার নথিটি ২৩ নভেম্বর প্রকাশ করা হয়। এতে ২০২৪ সালের ১ এপ্রিল থেকে ২০২৬ সালের ৬ নভেম্বর পর্যন্ত নথিভুক্ত ৭৩টি ঘটনার বিবরণ রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, উল্লেখযোগ্য বিভাগগুলোর মধ্যে ১৬টি দেয়ালে বিদ্বেষমূলক লেখা ও প্রচারণা, ১৬টি হুমকি ও হয়রানি, ১৪টি অনলাইনে ঘৃণামূলক বক্তব্য এবং ১১টি মুসলিমবিরোধী সমাবেশ ও বিক্ষোভের ঘটনা রয়েছে। এ ছাড়া চারটি শারীরিক হামলা এবং তিনটি অগ্নিসংযোগ, অগ্নিসংযোগের চেষ্টা বা ভাঙচুরের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ইসলামফোবিয়া: ঘৃণা ও বৈষম্যের এক বিশ্বব্যাপী সংকট

অনলাইনে ৩৩০টি মন্তব্য পর্যালোচনা করে ১২১টিতে মুসলিমবিদ্বেষী বক্তব্য পাওয়া গেছে। এ ছাড়া ২০২৬ সালের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন সংবাদমাধ্যমের ১ হাজার ৩৪৩টি প্রতিবেদন ও লেখা বিশ্লেষণ করে ৪৩টিতে (৩ দশমিক ২ শতাংশ) বিদ্বেষমূলক বক্তব্য পাওয়া গেছে। প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়নের মৌলিক অধিকার সংস্থার এক জরিপের তথ্যও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ইতালিতে গত এক বছরে যেসব মুসলিম বৈষম্যের শিকার হয়েছেন, তাদের মধ্যে মাত্র ২ শতাংশ বিষয়টি প্রকাশ করেছেন। অর্থাৎ বৈষম্যের শিকার হওয়া ১০০ জন মুসলিমের মধ্যে ৯৮ জনই এ বিষয়ে কাউকে কিছু জানাননি।

ইউসিওআইআইয়ের সভাপতি ইয়াসিন বারাদাই বলেন, প্রতিবেদনটি মুসলিম সম্প্রদায়গুলোর অভিজ্ঞতার একটি নথিবদ্ধ চিত্র। এতে সংকলিত ৭৩টি ঘটনা বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে। তবে এই সংখ্যা দিয়ে পুরো সমস্যার চিত্র তুলে ধরার দাবি করা হচ্ছে না।

প্রতিবেদনটি নিয়ে ইতালির কয়েকটি সংবাদমাধ্যমে সমালোচনা হয়েছে। ইল তেম্পো প্রতিবেদনে ২০টি সংবাদমাধ্যমের কিছু লেখা বিদ্বেষমূলক হিসেবে চিহ্নিত করার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে লা ভেরিতার মতে, নথিভুক্ত ৭৩টি ঘটনা দেশটিতে ইসলামবিদ্বেষের জরুরি পরিস্থিতি প্রমাণ করে না।

এদিকে ইসলামবিদ্বেষ পর্যবেক্ষণ ও প্রতিরোধে ইউসিওআইআই একটি জাতীয় কেন্দ্র গঠন করেছে। ভবিষ্যতে তথ্য সংগ্রহ, পদ্ধতি যাচাই ও প্রতিবেদন প্রকাশের দায়িত্ব পালন করবে কেন্দ্রটির বৈজ্ঞানিক সংস্থা।

তথ্যসূত্র: ইতালির বার্তা সংস্থা আনসা, দিরে, ইল তেম্পো ও লা ভেরিতা

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর