দেওবন্দের উসুল ও আদর্শ অনুসরণ করে দ্বীনি মাদরাসা পরিচালনার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। তিনি বলেন, এ আদর্শ মেনে মাদরাসা পরিচালনা করলে দুনিয়া ও আখেরাতে সফলতা আসবে। যেকোনো পরিস্থিতিতে আকাবিরদের দেখানো পথ অনুসরণ করতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘৭০ সালা ফুজালা সম্মেলনে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে হাদিসের দরসে এসব কথা বলেন তিনি।
দরসের শুরুতে তিনি বলেন, এই মোবারক মাহফিলে সরাসরি উপস্থিত হওয়ার খুব ইচ্ছা ছিল তার। কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে তা সম্ভব হয়নি। ভার্চুয়ালি যুক্ত হতে পেরে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
আরও পড়ুন: সফর স্থগিতের পর নতুন খবর, বাংলাদেশে আসছেন তাকি উসমানি?
ফরিদাবাদ মাদরাসার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহ.)-কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুফতি তাকি উসমানি। বলেন, ছদর সাহেবের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বহুবার সাক্ষাতের সুযোগ হয়েছে। ছদর সাহেবের ইখলাস, লিল্লাহিয়াত ও দ্বীনের জন্য ত্যাগের কথা স্মরণ করে তিনি গভীর শ্রদ্ধা জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেওবন্দ হলো দ্বীনি মাদরাসার প্রাণ। এর শিক্ষা ও আদর্শ ধরে রাখা এবং আকাবিরদের দেখানো পথে চলা সবার দায়িত্ব। যেকোনো পরিস্থিতিতে এ পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না।
এর আগে সোমবার বিকেল ৪টায় রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুসের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বুধবার (২৫ নভেম্বর) পর্যন্ত চলবে এ সম্মেলন। মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সম্মেলনের কার্যক্রম চলবে। এতে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় আলেম, ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদরা পর্যায়ক্রমে বক্তব্য দেবেন।
সম্মেলনের মিডিয়া সমন্বয়ক মুফতি আহসান শরীফ জানান, প্রথম দিন বাদ এশা তিন হাজার ফুজালাকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়েছে। পরবর্তী দুই দিন বাকি ফুজালাদের সম্মানিত করা হবে। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, সম্মেলনে প্রায় ২০ হাজার সাবেক শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হবে।




