খতমে নবুওয়াতের প্রতি বিশ্বাসকে ঈমানের মূল ভিত্তি উল্লেখ করে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, ‘যারা রাসূলুল্লাহ (স.)-কে আখেরি নবী হিসেবে মানে না, তারা মুসলমান নয়।’ তিনি বলেন, ‘আল্লাহর হুকুম ও রাসুলের হুকুমের জন্য প্রয়োজনে জীবন দিতেও আমি প্রস্তুত।’
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজিত খতমে নবুওয়াত জাতীয় সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রী সশরীরে উপস্থিত হতে পারেননি।
ধর্মমন্ত্রী বলেন, মানবজাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ হজরত আদম (আ.) থেকে শুরু করে যুগে যুগে বহু নবী ও রাসূল পাঠিয়েছেন। মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর মাধ্যমে নবুওয়াতের সেই ধারার সমাপ্তি ঘটেছে।
কওমি মাদরাসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘কওমি মাদরাসাগুলো আমাদের মূল ভিত্তি। এগুলো দেখভাল করা আমাদের দায়িত্ব। ঈমান ঠিক রাখতে হলে এই ভিত্তির প্রতি যত্নবান হতে হবে।’
আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের পাশে থাকার প্রত্যয় জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, ইসলামের জন্য এবং আলেম-ওলামাদের কল্যাণে যা করা প্রয়োজন, তিনি তা করবেন। এ সময় তিনি উপস্থিত আলেমদের কাছে দোয়া চান এবং যেকোনো প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগের আহ্বান জানান।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকারি সহায়তার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের মসজিদ, ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পর্যায়ক্রমে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুদান চালুর পরিকল্পনাও রয়েছে।
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশের হজযাত্রীর কোটা আরও পাঁচ হাজার বাড়িয়ে এক লাখ এক হাজার পাঁচশতে উন্নীত করা হয়েছে। এ জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পাঁচ দফা ঘোষণাপত্র
সেমিনারে আয়োজকদের পক্ষ থেকে পাঁচ দফা ঘোষণাপত্র পাঠ করেন আয়োজক পরিষদের সদস্যসচিব মুফতি হাফিজ উদ্দিন।
ঘোষণাপত্রে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়। একই সঙ্গে তাদের উপাসনালয়ের ক্ষেত্রে ‘মসজিদ’ শব্দসহ ইসলামি পরিভাষা ব্যবহারে নিষেধাজ্ঞা, তাদের জানাজার নামাজ না পড়া ও মুসলিম কবরস্থানে দাফন না করা, মুসলমানদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ও পারস্পরিক উত্তরাধিকার বন্ধ এবং তাদের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।
এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পূর্বসূরি আলেমদের রচিত সীরাতবিষয়ক গ্রন্থ অনুবাদ ও প্রচার, প্রতিটি মডেল মসজিদকে সীরাত ও সুন্নাহ চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং ইমামদের প্রশিক্ষণে সীরাতবিষয়ক আলোচনা অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।
ঘোষণাপত্রে প্রতি মাসে অন্তত একটি জুমার খুতবায় আকিদায়ে খতমে নবুওয়াত বিষয়ে আলোচনা, ইসলামিক ফাউন্ডেশনের এ-সংক্রান্ত পুরোনো বই পুনঃপ্রকাশ ও প্রচার এবং কাদিয়ানিদের সব প্রকাশনার ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিও জানানো হয়। এতে বলা হয়, অন্যান্য অমুসলিম সম্প্রদায়ের মতো কাদিয়ানিরাও অমুসলিম পরিচয়ে বসবাস করতে পারবে।
কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি
সেমিনারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ও মওদুদীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন। তিনি দাবি করেন, এসব বক্তব্যে দ্বীন প্রচার ও পবিত্র কোরআনের অর্থ নিয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা নতুন নবুওয়াতের পথ তৈরি করে। এ সময় তিনি কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানান।
১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি স্মারকগ্রন্থ
সেমিনারে শীর্ষ ওলামায়ে কেরামের স্বাক্ষরযুক্ত স্মারকগ্রন্থের একটি কপি উন্মুক্ত নিলামে তোলা হয়। ১ হাজার টাকা ভিত্তিমূল্যে শুরু হওয়া নিলামে সর্বোচ্চ ১ লাখ ৩০ হাজার টাকায় বইটি কিনে নেন বিশিষ্ট আলেম মাওলানা মুফতি ইয়াহইয়া মাহমুদ। নিলাম পরিচালনায় ভূমিকা রাখেন মুফতি লুৎফুর রহমান ফরায়েজীসহ উপস্থিত আলেমরা।
সেমিনারে শতাধিক আলেম ও চার শতাধিক প্রতিনিধি অংশ নেন। উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি খলিল আহমদ কুরাইশী কাসেমী, মাওলানা সাজিদুর রহমান, সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মুহিউদ্দিন রব্বানীসহ দেশের বিশিষ্ট আলেম ও রাজনৈতিক নেতারা। এ ছাড়া উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা শাহ সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি আরশাদ রহমানী, মাওলানা আব্দুল আউয়াল, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি জসীমুদ্দীন, অধ্যক্ষ মিজানুর রহমান, মাওলানা জুনায়েদ আল হাবীব, মুফতি মিজানুর রহমান সাঈদ, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মুনির হোসেন কাসেমী, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী ও মাওলানা নাজমুল হাসান কাসেমী।




