মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

মসজিদের খতিবদের সম্মানীর আওতায় আনার পরিকল্পনা নেই: ধর্মমন্ত্রী

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

মসজিদের খতিবদের সম্মানীর আওতায় আনার পরিকল্পনা নেই: ধর্মমন্ত্রী

মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিত ও সেবায়েতসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের রাষ্ট্রীয় সম্মানী দেওয়া হচ্ছে। তবে মসজিদের খতিবদের এই সম্মানীর আওতায় আনার আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

আরও পড়ুন: ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ও উৎসব ভাতার নীতিমালা জারি

প্রশ্নে মো. মোস্তাফিজুর রহমান বাবুল জানতে চান, চলতি অর্থবছরে দেশের কতটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, মন্দিরের পুরোহিত ও সেবায়েত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুদের রাষ্ট্রীয় সম্মানী দেওয়া হবে। একই সঙ্গে মসজিদের খতিবদের এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা আছে কি না, তা জানতে চান তিনি।

জবাবে ধর্মমন্ত্রী জানান, ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জায় কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানী দেওয়া হবে।

তিনি বলেন, নীতিমালা অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এই সম্মানী পাবেন। তবে মসজিদের খতিবদের সম্মানীর আওতায় আনার আপাতত কোনো পরিকল্পনা নেই।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর