হজ ব্যবস্থাপনায় সাশ্রয় হওয়া অর্থ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সরকারের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। একইসঙ্গে হাজিদের সেবার মান আরও বাড়াতে সৌদি সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার কথা জানিয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আশকোনায় হজ অফিসে সরকারি ব্যবস্থাপনার শ্রেষ্ঠ হজ গাইডদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশি হাজিদের নির্বিঘ্ন হজযাত্রা নিশ্চিত করতে সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগ আরও জোরদার করা হচ্ছে। হাজিদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি হজ ব্যবস্থাপনায় সেবার মান উন্নত করার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি জানান, গত হজ মৌসুমে সরকার হাজিদের জন্য বিনামূল্যে এক লাখ পানির বোতল সরবরাহ করেছে। এছাড়া লাগেজ র্যাপিংয়ের জন্য হাজিদের কোনো অর্থ ব্যয় করতে হয়নি। সরকারি ব্যবস্থাপনায় এসব সেবা দেওয়া হয়েছে।
সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এবার কোনো হাজির লাগেজ হারিয়ে যায়নি বলে দাবি করেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, হাজিদের সেবায় সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।
গতবার একটি এজেন্সির অব্যবস্থাপনার কারণে দুজন হাজি সময়মতো হজে যেতে পারেননি উল্লেখ করে মন্ত্রী বলেন, পরে পুলিশ, এনএসআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের হজে পাঠানো হয়।
হাজিদের সেবায় হজ গাইডদের ভূমিকার প্রশংসা করে ধর্মমন্ত্রী তাদের সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান। ভালো কাজের স্বীকৃতি হিসেবে ভবিষ্যতে হজ গাইডদের আরও বড় পরিসরে পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেন।
এবার শ্রেষ্ঠ হজ গাইডদের ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই পুরস্কারের অর্থ আরও বাড়ানো হবে বলেও জানান ধর্মমন্ত্রী।
অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, হজ কার্যক্রমে সাশ্রয় হওয়া অর্থ আগামীকাল (রোববার) সরকারের কাছে হস্তান্তর করবে মন্ত্রণালয়।
সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
এএইচ



