মসজিদের জন্য দক্ষ ও প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আস-সুন্নাহ ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠানটি মুয়াজ্জিনদের শুদ্ধ উচ্চারণ, আজানের বিভিন্ন সুর, সাউন্ড সিস্টেম পরিচালনা এবং মুসল্লিদের সঙ্গে সুন্দর আচরণের বিষয়ে গুরুত্ব দিচ্ছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, একজন মুয়াজ্জিনের দায়িত্ব শুধু আজান ও ইকামত দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। সঠিক মাখরাজ ও শুদ্ধ উচ্চারণের পাশাপাশি সময়নিষ্ঠা, দায়িত্বশীলতা, আদব-শিষ্টাচার এবং মুসল্লিদের সঙ্গে সাবলীল যোগাযোগও গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: দেশসেরা ৫০০ কৃতি আলেমকে সংবর্ধনা দিলো আস-সুন্নাহ ফাউন্ডেশন
এসব বিষয়কে সামনে রেখে প্রশিক্ষিত মুয়াজ্জিন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণে মক্কা-মদিনাসহ বিভিন্ন বিখ্যাত সুরে আজান ও ইকামত দেওয়ার পাশাপাশি আধুনিক সাউন্ড সিস্টেম ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া মুয়াজ্জিনদের নৈতিকতা, আচরণ ও পেশাদারিত্বের ওপরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মসজিদের পবিত্র দায়িত্ব পালনে প্রয়োজনীয় দক্ষতা ও শিষ্টাচার গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: আস-সুন্নাহ ফাউন্ডেশনের 'মিডিয়া কানেক্ট সামিট' অনুষ্ঠিত
আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, যেসব মসজিদে প্রশিক্ষিত মুয়াজ্জিনের প্রয়োজন রয়েছে, তারা প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির দেওয়া ০১৮০৫৪৩৭৯১০ নম্বরে যোগাযোগ করা যাবে।




