পাকিস্তানের ইসলামি চিন্তাবিদ ও জনপ্রিয় বক্তা মাওলানা মোহাম্মদ ইলিয়াস গুম্মান ২০ আগস্ট বাংলাদেশে আসছেন। ৩০ আগস্ট পর্যন্ত ১০ দিনের সফরে তিনি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজনে অংশ নেবেন। এ সময় বয়ান, বিশেষ দ্বীনি মজলিস এবং আলেম-ওলামা ও তালিবে ইলমদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।
সফরের শুরুতেই রাজধানীতে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন মাওলানা ইলিয়াস গুম্মান। ২০ আগস্ট বৃহস্পতিবার উত্তরা সেক্টর-৩-এর মসজিদে মুগাফিরায় মাগরিব থেকে এশা পর্যন্ত সর্বসাধারণের উদ্দেশে বয়ান করবেন। এতে রাজধানীর বিভিন্ন এলাকার মুসল্লিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
পরদিন ২১ আগস্ট শুক্রবারও ঢাকায় একাধিক আয়োজনে থাকবেন তিনি। কর্মসূচির মধ্যে রয়েছে কামরাঙ্গীরচর নুরিয়া মাদরাসা, ধুপখোলা ময়দান, জাতীয় সীরাত কমিটি এবং গ্রীন রোডের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান। এদিন ফজরের পর থেকে জুমা পর্যন্ত বিশেষ বয়ানের পাশাপাশি ধুপখোলা ময়দানে আছরের নামাজ এবং জাতীয় সীরাত কমিটির আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: জুনায়েদ জামশেদের দ্বীনের পথে ফেরার গল্প শোনালেন তারিক জামিল
এরপর দেশের বিভিন্ন অঞ্চলে সফর করবেন মাওলানা ইলিয়াস গুম্মান। সফরসূচিতে বাগেরহাট, কেরানীগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, নওগাঁ, বগুড়া ও পাবনার বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান ও আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে। এসব কর্মসূচিতে তিনি আলেম ও শিক্ষার্থীদের সঙ্গে দ্বীনি আলোচনা এবং সাধারণ মানুষের উদ্দেশে বয়ান করবেন।
সফরের শেষ দিন ৩০ আগস্ট ঢাকার সৈয়দাবাদ জামিয়া বাইতুন্নুর ও আল-মারকাজুল ইসলামীতে কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এদিন বিশেষ আলোচনা ও দোয়ার আয়োজন রয়েছে। এরপর তার বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা।
মাওলানা ইলিয়াস গুম্মানের বাংলাদেশ সফরকে ঘিরে ধর্মপ্রাণ মুসলমান, আলেমসমাজ ও তালিবে ইলমদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সফরের বিভিন্ন আয়োজনে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, সমসাময়িক প্রেক্ষাপটে মুসলিম সমাজের করণীয় এবং দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন তিনি।




