চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে রাষ্ট্রীয় মাসিক সম্মানির আওতায় আসছে দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদ। এসব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নির্ধারিত হারে মাসিক সম্মানি পাবেন। ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনভেদে মসজিদ বাছাইয়ের সংখ্যাও আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের প্রতিটি ইউনিয়ন থেকে ১৫টি করে মসজিদ নির্বাচন করা হবে। পৌরসভাগুলোর শ্রেণিভেদেও মসজিদ নির্বাচনের সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
‘ক’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে চারটি করে মসজিদ নির্বাচন করা হবে। ‘খ’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে তিনটি এবং ‘গ’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে দুটি করে মসজিদ নির্বাচন করা হবে।
এ ছাড়া সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড থেকে ছয়টি করে মসজিদ নির্বাচন করা হবে।
আরও পড়ুন: সম্মানি পাচ্ছেন আরও ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় সেবক
নির্বাচিত মসজিদের ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে সম্মানি পাবেন। সম্মানির অর্থ সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে পাঠানো হবে।
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের মোট ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় মাসিক সম্মানির আওতায় আসছে। এর মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা রয়েছে।
এসব ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা এ সুবিধার আওতায় আসবেন।
আরও পড়ুন: 'সম্মানের পেশায়' নামমাত্র বেতন, ইমাম-মুয়াজ্জিনদের মানবেতর জীবনযাপন!
চলতি অর্থবছরে মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি দেওয়ার জন্য বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থবছরে দেশের প্রায় এক-চতুর্থাংশ ধর্মীয় উপাসনালয় এ সুবিধার আওতায় আসবে। পরবর্তী তিন অর্থবছরে পর্যায়ক্রমে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে পাইলট প্রকল্পের আওতায় দেশের ৬ হাজার ১৭টি নির্বাচিত ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইতসহ মোট ১৩ হাজার ৯৪৯ জনকে প্রথমবারের মতো সম্মানি দেওয়া হয়। চলতি অর্থবছরে এ কর্মসূচি আরও বিস্তৃত করে দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে রাষ্ট্রীয় সম্মানির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।




