রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

শিরকে আসগর থেকে বাঁচার যে দোয়া শিখিয়েছেন নবীজি (স.)

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

শিরকে আসগর থেকে বাঁচার যে দোয়া শিখিয়েছেন নবীজি (স.)

শিরক ইসলামের সবচেয়ে বড় গুনাহ। তবে শিরকের একটি সূক্ষ্ম রূপও রয়েছে, যাকে শিরকে আসগর বা ছোট শিরক বলা হয়। এর অন্যতম উদাহরণ হলো রিয়া বা লোক দেখানো আমল, যা বাহ্যত ইবাদত মনে হলেও এর পেছনে মানুষের প্রশংসা ও স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা কাজ করে।

রাসুলুল্লাহ (স.) সাহাবিদের এ বিষয়ে সতর্ক করে বলেছেন, ‘আমি তোমাদের ব্যাপারে যে বিষয়টির সবচেয়ে বেশি আশঙ্কা করি, তা হলো ছোট শিরক। সাহাবিরা ছোট শিরক কী জানতে চাইলে তিনি বলেন, তা হলো রিয়া বা লোক দেখানো আমল।’ (মুসনাদে আহমদ: ৫/৪২৮-৪২৯)


বিজ্ঞাপন


গোপন শিরকের ব্যাপারেও কঠোর সতর্কতা এসেছে হাদিসে। মাকিল ইবনে ইয়াসার (রা.) বলেন, আমি আবু বকর (রা.)-এর সঙ্গে রাসুলুল্লাহ (স.)-এর কাছে উপস্থিত ছিলাম। তখন রাসুলুল্লাহ (স.) বলেন, শিরক তোমাদের মধ্যে পিপীলিকার পদচারণার চেয়েও সূক্ষ্মভাবে প্রবেশ করে। এরপর তিনি এমন একটি দোয়া শিক্ষা দেন, যা জেনে-শুনে ও অজান্তে হয়ে যাওয়া শিরক থেকে মুক্তির মাধ্যম।

আরও পড়ুন: শিরকের বিষাক্ত ছোবল: কীভাবে ঈমান হারায় মুমিন 

শিরক থেকে বাঁচার দোয়া

আরবি: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ


বিজ্ঞাপন


উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু, ওয়া আসতাগফিরুকা লিমা লা আ'লামু।

অর্থ: ‘হে আল্লাহ! আমি জেনে-শুনে আপনার সঙ্গে কাউকে শরিক করা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। আর না জেনে যে শিরক করে ফেলি, তার জন্য আপনার কাছে ক্ষমা চাই।’ (আদাবুল মুফরাদ: ৭২১; আলবানি (রহ.) হাদিসটিকে সহিহ বলেছেন)

কেন এই দোয়া গুরুত্বপূর্ণ?

শিরকে আসগর অনেক সময় মানুষের অজান্তেই আমলের মধ্যে প্রবেশ করে। প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা, লোক দেখানো ইবাদত বা মানুষের সন্তুষ্টিকে আল্লাহর সন্তুষ্টির ওপর প্রাধান্য দেওয়া সবই এর অন্তর্ভুক্ত। এই দোয়ায় দুটি বিষয় একসঙ্গে চাওয়া হয়েছে- জেনেশুনে শিরক থেকে আল্লাহর আশ্রয় এবং অজান্তে হয়ে যাওয়া শিরকের জন্য ক্ষমা। এ কারণেই দোয়াটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ হলো বিশুদ্ধ তাওহিদ। শিরকে আসগর সেই তাওহিদকে ভেতর থেকে দুর্বল করে দেয়। তাই প্রকাশ্য ও গোপন সব ধরনের শিরক থেকে বাঁচতে এবং নিজের ঈমানকে বিশুদ্ধ রাখতে এই দোয়াটি নিয়মিত পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর