বিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ সুন্নত। নতুন দাম্পত্য জীবনের শুরুতে বরকত ও কল্যাণের জন্য নবী করিম (সা.) কিছু আমল ও দোয়ার শিক্ষা দিয়েছেন। হাদিসের আলোকে সেসব আমল তুলে ধরা হলো।
নববধূর সঙ্গে কোমল আচরণ
বিয়ের রাতে স্ত্রীর সঙ্গে কোমল ও হৃদ্য আচরণ করা সুন্নত। হজরত আসমা বিনতে উমাইস (রা.) বর্ণনা করেন, তিনি কয়েকজন মহিলাকে সঙ্গে নিয়ে আয়েশা (রা.)-কে রাসুল (স.)-এর ঘরে পৌঁছে দিয়েছিলেন। সেখানে মেহমানদারি হিসেবে এক পেয়ালা দুধ ছাড়া আর কিছু ছিল না। রাসুল (স.) সেই পেয়ালা থেকে কিছুটা পান করে আয়েশা (রা.)-কে দিলেন। অল্পবয়সী মেয়েটি লজ্জায় ইতস্তত করলে সঙ্গের মহিলারা বললেন, আল্লাহর রাসুলের হাত ফিরিয়ে দিও না। তখন তিনি গ্রহণ করলেন এবং পান করলেন। (মুসনাদে আহমাদ: ২৬৯২৫)
স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করা
বিয়ের পর স্ত্রীকে ঘরে আনলে স্বামীর জন্য তার মাথার অগ্রভাগে হাত রেখে দোয়া করা মুস্তাহাব। নবী (স.) বলেছেন, তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ে করে, সে যেন তার মাথার অগ্রভাগ ধরে এই দোয়া করে- اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহি, ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি।
অর্থ: হে আল্লাহ! আমি তার কল্যাণ এবং যে স্বভাবের ওপর তাকে সৃষ্টি করেছেন তার কল্যাণ প্রার্থনা করছি। আর তার অনিষ্ট এবং যে স্বভাবের ওপর তাকে সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। (সুনানে আবু দাউদ: ২১৬০; সুনানে ইবনে মাজাহ: ১৯১৮)
আরও পড়ুন: স্বামীর ভালোবাসা কমে গেলে স্ত্রী এই আমলটি করতে পারেন
বিজ্ঞাপন
একসঙ্গে দুই রাকাত নামাজ আদায় করা
সলফে সালেহিনের অনেকে বিয়ের প্রথম রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে দুই রাকাত নফল নামাজ আদায় করাকে মুস্তাহাব বলেছেন। এ বিষয়ে সরাসরি সহিহ হাদিস না থাকলেও সাহাবিদের আমল থেকে বিয়ের প্রথম রাতে দুই রাকাত নামাজ আদায়ের কথা বর্ণিত হয়েছে। মুসান্নাফে ইবনে আবি শায়বায় শাকিক থেকে বর্ণিত, এক ব্যক্তি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর কাছে এসে বলল, আমি এক যুবতীকে বিয়ে করেছি, আশঙ্কা হচ্ছে সে আমাকে অপছন্দ করবে। ইবনে মাসউদ (রা.) বললেন, মিল-মহব্বত আল্লাহর পক্ষ থেকে আসে, দূরত্ব ও ঘৃণা শয়তানের পক্ষ থেকে। যখন সে তোমার কাছে আসবে, তাকে তোমার পেছনে দাঁড় করিয়ে দুই রাকাত নামাজ পড়ার নির্দেশ দাও। (মুসান্নাফে ইবনে আবি শায়বাহ: ১৭১৫৬)
নবদম্পতির জন্য অন্যদের দোয়া
বিয়ে উপলক্ষে নবী (স.) নবদম্পতির জন্য এই দোয়া শিখিয়েছেন- بَارَكَ اللهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ
উচ্চারণ: বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর।
অর্থ: আল্লাহ তোমার জন্য বরকত দান করুন, তোমার ওপর বরকত নাজিল করুন এবং তোমাদের উভয়কে কল্যাণের মধ্যে একত্রিত রাখুন। (জামে তিরমিজি: ১০৯১)
আরও পড়ুন: স্বামী-স্ত্রীর সংসারে বদনজর, রুকইয়ার পদ্ধতি কী
সহবাসের আগে দোয়া পড়া
স্বামী যখন স্ত্রীর কাছে যেতে চাইবেন, তখন এই দোয়া পড়বেন- بِسْمِ اللهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
উচ্চারণ: বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তানা ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা।
অর্থ: আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ! আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন।
নবী (স.) বলেছেন, এরপর যদি তাদের সন্তান হয়, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। (সহিহ বুখারি: ১৪১)
সৎভাবে সংসার করার নিয়ত
বিয়ের রাত থেকেই স্বামী-স্ত্রী উভয়ের উচিত পরস্পরের ব্যাপারে আল্লাহকে ভয় করা এবং সুন্দর দাম্পত্যের নিয়ত করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের সঙ্গে সৎভাবে জীবন যাপন করো। তোমরা যদি তাদের অপছন্দ করো, তবে এমনও হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন তোমরা তাকেই অপছন্দ করছ। (সুরা নিসা: ১৯)
মনে রাখা জরুরি, বিয়ের রাতে এই আমলগুলো ফরজ বা ওয়াজিব নয়। তবে হাদিস ও সাহাবিদের আমল থেকে প্রমাণিত এই দোয়া ও ইবাদতগুলো পালন করলে দাম্পত্য জীবনের শুরুটা বরকতময় হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ তৈরি হয়।




