জিলহজের ৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত মোট পাঁচ দিন প্রতিটি ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব। চলতি ১৪৪৭ হিজরি সনে (২০২৬ সাল) আগামীকাল ২৭ মে বুধবার ফজরের নামাজ থেকে এই তাকবির পড়া শুরু হবে এবং ৩১ মে রোববার আছরের নামাজের পর শেষ হবে। এই পাঁচ দিনে মোট ২৩ ওয়াক্ত নামাজের পর তাকবিরে তাশরিক আদায় করতে হয়।
তাকবির, তাহলিল ও তাহমিদের সমন্বয়ে গঠিত এই তাকবির মহান আল্লাহর বড়ত্ব, একত্ববাদের স্বীকৃতি ও অফুরন্ত প্রশংসার এক অনন্য প্রকাশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: তাকবিরে তাশরিক: যে মাসয়ালা জানা জরুরি
প্রাপ্তবয়স্ক প্রতিটি নারী-পুরুষ মুকিম হোন বা মুসাফির, গ্রামবাসী হোন বা শহরবাসী, একা কিংবা জামাআতে ফরজ নামাজ আদায়ের পর একবার তাকবিরে তাশরিক পড়া সবার জন্য ওয়াজিব। প্রতি ওয়াক্তে একবার পড়া ওয়াজিব, তবে তিনবার পড়া মোস্তাহাব। এ ছাড়া যেকোনো সময় তাকবিরে তাশরিক পড়তে থাকা মোস্তাহাব আমল।
তাকবিরে তাশরিক: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার; লা-ইলাহা ইল্লাল্লাহু; ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার; ওয়ালিল্লাহিল হামদ।
অর্থ: আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই; আল্লাহ মহান, আল্লাহ মহান; সব প্রশংসা মহান আল্লাহর জন্য।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই ২৩ ওয়াক্তে তাকবিরে তাশরিক আদায়ের মাধ্যমে তাঁর বড়ত্ব ঘোষণা ও যথাযথ কৃতজ্ঞতা জ্ঞাপনের তাওফিক দান করুন। আমিন।




