বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

বিভাগভিত্তিক ইমাম প্রশিক্ষণ শুরু করছে আস-সুন্নাহ, প্রথম ধাপে রংপুর

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

বিভাগভিত্তিক ইমাম প্রশিক্ষণ শুরু করছে আস-সুন্নাহ, প্রথম ধাপে রংপুর

দেশের ইমাম-খতিবদের যুগোপযোগী দক্ষতায় গড়ে তোলার লক্ষ্যে এবার বিভাগভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা শুরু করতে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। শায়খ আহমাদুল্লাহ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানান, প্রথম ধাপে রংপুর বিভাগের নির্বাচিত ইমাম-খতিবগণ পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণে অংশ নেবেন।

প্রশিক্ষণের বিষয়বস্তু

এই কর্মশালায় প্রায় ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিষয়গুলোর মধ্যে রয়েছে আদর্শ ইমামের বৈশিষ্ট্য ও গুণাবলি, লিডারশিপ ও পার্সোনালিটি ডেভেলপমেন্ট, দাওয়া ও মনস্তত্ত্ব, পাবলিক স্পিকিং, ইফেক্টিভ কমিউনিকেশন ও কমিউনিটি ডেভেলপমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, দাওয়ার ক্ষেত্রে মডার্ন টুলসের ব্যবহার ও ফ্যাক্ট চেকিং, ইসলামি চিন্তাধারা ও সমকালীন মতবাদ বিশ্লেষণ, সংশয়বাদ ও নাস্তিক্যবাদ মোকাবিলা, এলজিবিটিকিউ ও জেন্ডার ইস্যু সম্পর্কিত সচেতনতা, প্রকল্প বাস্তবায়ন ও ক্যাম্পেইন পদ্ধতি, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং দৈনন্দিন শরীরচর্চার প্রয়োজনীয়তা ও অনুশীলন পদ্ধতি।

আরও পড়ুন: আস-সুন্নাহ ফাউন্ডেশনে প্রশিক্ষণ নিলেন ৯৪ জন ইমাম

আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া

শায়খ আহমাদুল্লাহ জানান, জন্মজেলা যা-ই হোক, বর্তমানে রংপুর বিভাগের যেকোনো মসজিদে কর্মরত ইমাম-খতিব এই প্রশিক্ষণে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে দাওরায়ে হাদিস, ফাজিল-কামিল অথবা ইসলাম বা আরবি বিষয়ে অনার্স বা মাস্টার্স পাস হতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে পরীক্ষার ফলাফল, অভিজ্ঞতা এবং দাওয়া ও সামাজিক কাজে সম্পৃক্ততা বিবেচনা করে চূড়ান্ত প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী ১১ মে (সোমবার)।


বিজ্ঞাপন


সময়সূচি ও স্থান

আগামী ১৬ থেকে ২০ মে (শনিবার থেকে বুধবার) প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাজধানীর আফতাবনগরের প্লট ৬২, রোড নং ৩, ব্লক-এ। আগ্রহীরা এই লিংকে আবেদন করতে পারবেন: https://forms.gle/z45rfcT1vcxk2NuV8

আরও পড়ুন: শায়খ আহমাদুল্লাহর উদ্যোগে ১০০ ইমামের লিডারশিপ প্রশিক্ষণ

শায়খ আহমাদুল্লাহ জানান, ধীরে ধীরে দেশের সকল বিভাগের ইমামদের এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে।

উল্লেখ্য, এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশন সারাদেশ থেকে নির্বাচিত ইমামদের নিয়ে সফলভাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে। প্রথম ব্যাচে প্রায় ১২০০ আবেদনকারীর মধ্য থেকে ৯৪ জন ইমাম পাঁচ দিনব্যাপী কর্মশালায় অংশ নেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ইমামদের আধুনিক দক্ষতায় প্রশিক্ষিত করার এই ধারাবাহিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর