ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলার মাঝেই সামান্য আনন্দের উপলক্ষ নিয়ে এলো একটি বিশেষ গণবিয়ে। সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় শুক্রবার (২৪ এপ্রিল) মধ্য গাজায় একসঙ্গে বিয়ে হয়েছে ৩০০ যুগলের।
গালফ নিউজ জানিয়েছে, এটি গাজার ইতিহাসে অন্যতম বৃহত্তম গণবিয়ের আয়োজন। অনুষ্ঠানে নবদম্পতিদের পরিবার, স্থানীয় নেতা এবং দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ প্রায় ২০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এই গণবিয়ে আয়োজিত হয় আমিরাতের মানবিক অভিযান ‘গালান্ট নাইট ৩’-এর আওতায়। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘জয় ড্রেস ২’, যার মূল লক্ষ্য আর্থিক কারণে বিয়ে করতে না পারা তরুণ-তরুণীদের পাশে দাঁড়ানো।

গত ফেব্রুয়ারিতে আবেদন গ্রহণ শুরুর পর কয়েক হাজার গাজাবাসী নিবন্ধন করেন। আয়োজকরা জানিয়েছেন, অবিবাহিত এবং নির্দিষ্ট আয়সীমার নিচে থাকা আবেদনকারীদের অগ্রাধিকার দিয়ে কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৩০০ যুগল নির্বাচন করা হয়।
বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি দম্পতিদের সংসার গড়ে তুলতে নগদ সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রীও দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে পড়ানো হয় বিয়ে। ফিলিস্তিনের ঐতিহ্যবাহী ‘দাবকে’ নৃত্য পরিবেশনসহ সাংস্কৃতিক আয়োজনও ছিল। অনুষ্ঠানে আমিরাত ও ফিলিস্তিনের জাতীয় সংগীত বাজানো হয়।
আরও পড়ুন: গাজায় বিয়ের আসরে ইসরায়েলি বোমা হামলায় নিহত ৬

গাজায় আমিরাতের প্রতিনিধিদলের প্রধান আলি আল শাহি বলেছেন, এই উদ্যোগ কঠিন পরিস্থিতিতে গাজার মানুষের পাশে থাকার প্রতি আমিরাতের অঙ্গীকারের প্রতিফলন। কর্মসূচিতে সহায়তা করেছে খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ফাউন্ডেশন।
অংশগ্রহণকারী দম্পতিদের অনেকে সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন কিংবা আহত হয়েছেন, আবার কেউ কেউ অর্থাভাবে বিয়ে পিছিয়ে দিয়েছিলেন বছরের পর বছর। তাদের কাছে এই অনুষ্ঠান ছিল একটি নতুন শুরুর মুহূর্ত।
আরও পড়ুন: পশ্চিমরা গাজা হত্যাকাণ্ডের মূল অপরাধী: এরদোয়ান

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে ‘গালান্ট নাইট ৩’ অভিযানের মাধ্যমে গাজায় মানবিক সহায়তা অব্যাহত রেখেছে আমিরাত। এবারের গণ বিয়ে এই অভিযানের আওতায় আয়োজিত দ্বিতীয় এ ধরনের অনুষ্ঠান।
সূত্র: গালফ নিউজ




