বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

৪০ দিন পর খুলল আল-আকসা: ফিলিস্তিনিদের উচ্ছ্বাস

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম

শেয়ার করুন:

৪০ দিন পর খুলল আল-আকসা: ফিলিস্তিনিদের উচ্ছ্বাস

ইসরায়েলি কর্তৃপক্ষের টানা ৪০ দিনের কঠোর নিষেধাজ্ঞার পর অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ পুনরায় ফিলিস্তিনি মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে মসজিদের ফটক উন্মুক্ত করা হলে দলে দলে মুসল্লিরা প্রবেশ করেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, ফজরের নামাজ আদায়ের জন্য হাজারো ফিলিস্তিনি মুসল্লি মসজিদের প্রবেশপথে জড়ো হন। ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, প্রথম দিনের ফজরের জামাতে প্রায় ৩ হাজার মুসল্লি অংশ নেন।


বিজ্ঞাপন


গত ২৮ ফেব্রুয়ারি আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে আল-আকসাসহ বিভিন্ন ধর্মীয় স্থানে প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে ইসরায়েল। এতে দীর্ঘ সময় ধরে মুসল্লিদের প্রবেশ সীমিত বা পুরোপুরি বন্ধ ছিল। এর ফলে এ বছর অনেক ফিলিস্তিনি আল-আকসায় পবিত্র রমজান ও ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেননি।

দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে মসজিদ খুলে দেওয়ায় মুসল্লিদের মধ্যে স্বস্তি ও আবেগ লক্ষ্য করা গেছে। তবে মসজিদ খুলে দেওয়ার পরও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বৃহস্পতিবারই ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার পালন করে। একই সঙ্গে বসতি স্থাপনকারীদের প্রবেশের দৈনিক সময়সীমা আরও ৩০ মিনিট বাড়ানো হয়েছে।


বিজ্ঞাপন


ফিলিস্তিনের প্রধান বিচারপতি ও ধর্মবিষয়ক উপদেষ্টা মাহমুদ আল-হাবাশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি আল-আকসার ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদার স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।

এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া বুধবার রাতে পশ্চিম তীরের তায়াসির এলাকায় এক ফিলিস্তিনি যুবক গুলিতে নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, ২০২৩ সাল থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় ১১০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অন্তত ১০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর