সময়ের জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর নতুন বই ‘ঈমানের অপরিহার্য পাঠ’ চলতি সপ্তাহেই বাজারে আসছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ থেকে বইটি প্রকাশিত হচ্ছে।
প্রকাশক সূত্রে জানা গেছে, বইটির পৃষ্ঠা সংখ্যা ১৮৪ এবং নির্ধারিত মূল্য ২৬০ টাকা। পাইকারি ক্রয়ের জন্য নাফিউন ডটকম এবং খুচরা ক্রয়ের ক্ষেত্রে রকমারি ও ওয়াফিলাইফসহ অনলাইন ও অফলাইনের বিভিন্ন বুকশপে বইটি পাওয়া যাবে।
বিজ্ঞাপন
বইয়ের পটভূমি
লেখক জানান, একজন মুসলিমের ‘ঈমান থেকে জানাজা’ পর্যন্ত যাপিত জীবনের প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান এক মলাটে আনার দীর্ঘদিনের স্বপ্ন থেকেই এ উদ্যোগ। বিষয়বস্তুর ব্যাপকতা বিবেচনায় তিনি পুরো প্রকল্পকে কয়েকটি খণ্ডে বিভক্ত করার সিদ্ধান্ত নেন। সেই ধারাবাহিকতার প্রথম ও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ‘ঈমান’ বিষয়ক এই স্বতন্ত্র গ্রন্থ প্রকাশিত হচ্ছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে ইবাদত, লেনদেন, আখলাক ও আধ্যাত্মিকতা নিয়ে ধারাবাহিকভাবে গ্রন্থ রচনার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
বইয়ের বিষয়বস্তু
বইটিতে মোট ১১টি অধ্যায় সংযোজিত হয়েছে। এর মধ্যে রয়েছে- ঈমানের পরিচিতি, আরকানুল ঈমান, তাওহিদ, আখেরাত, ঈমান ভঙ্গের কারণ, আল্লাহর নিরানব্বই নামের ব্যাখ্যা, আহলুস-সুন্নাহ ওয়াল জামাআহর পরিচয়, ঈমানের শাখা-প্রশাখা, শির্কের ভয়াবহতা, আধুনিক যুগের কুফর ও নিফাকের লক্ষণ এবং পরকালীন জীবনের সংক্ষিপ্ত বিবরণ।
বইটির ফ্ল্যাপে উল্লেখ করা হয়েছে, ‘ঈমান আমাদের অস্তিত্বের শেকড়। দিকচিহ্নহীন প্রান্তরে বাতিঘর যেমন নাবিককে পথ দেখায়, তেমনি ঈমানের আলো মানুষকে সঠিক গন্তব্যে পৌঁছে দেয়।’ সংশয় ও অস্থিরতার সময়ে ঈমানের মৌলিক শিক্ষা জানতে আগ্রহীদের জন্য বইটি সহায়ক হবে বলে প্রকাশকের প্রত্যাশা।
শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজ সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই বইটি প্রকাশিত হবে। তার পূর্বপ্রকাশিত বইগুলোর জনপ্রিয়তার ধারাবাহিকতায় নতুন এ গ্রন্থ নিয়েও পাঠকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

