মানুষ চেষ্টা করে, পরিকল্পনা করে, পরিশ্রম করে, কিন্তু ফলাফল আল্লাহর ইচ্ছাধীন। সর্বোচ্চ চেষ্টা-সাধনার পরও সফলতার জন্য প্রয়োজন আল্লাহর বিশেষ অনুগ্রহ। ইসলাম আমাদের শেখায়, কোনো কাজ শুরু করার আগে ও শেষে আল্লাহর প্রতি ভরসা রাখা এবং তাঁর সাহায্য প্রার্থনা করা।
হাদিসে এমন এক অর্থবহ দোয়া রয়েছে, যা প্রচেষ্টার পর সফলতা কামনায় পাঠ করা যায়।
বিজ্ঞাপন
দোয়া (আরবি): اللَّهُمَّ هَذَا الدُّعَاءُ وَعَلَيْكَ الاِسْتِجَابَةُ وَهَذَا الْجَهْدُ وَعَلَيْكَ التُّكْلاَنُ
উচ্চারণ: আল্লাহুম্মা হাজাদ-দোয়াউ ওয়া আলাইকাল ইসতাজাবাতু, ওয়া হাজাল জুহদু ওয়া আলাইকাত তুকলান।
অর্থ: হে আল্লাহ! এটি আমার প্রার্থনা; এটা কবুল করা আপনার ওপর ন্যস্ত। এটি আমার প্রচেষ্টা; এর সাফল্য আপনার ওপর নির্ভরশীল।
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (স.)-কে রাতের নামাজ শেষ করার পর এই দোয়া পাঠ করতে শুনেছি।’ (সুনানে তিরমিজি: ৩৪১৯)
বিজ্ঞাপন
আরও পড়ুন: জীবনে সফল হওয়ার দোয়া
দোয়াটির তাৎপর্য
- এই দোয়াটি মুমিনের অন্তরের প্রকৃত বিশ্বাসকে প্রকাশ করে
- মানুষ তার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু ফল দানকারী একমাত্র আল্লাহ।
- এ দোয়া মানুষকে অহংকার থেকে দূরে রাখে, আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরতার অনুভূতি জাগায় এবং দায়িত্ব পালনে আন্তরিকতা বৃদ্ধি করে।
কখন পড়বেন
- কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে
- পরীক্ষা বা মৌখিক যাচাই (ইন্টারভিউ) দিতে যাওয়ার পূর্বে
- চাকরি, ব্যবসা বা জীবিকার সাফল্যের জন্য
- যেকোনো সৎ ও বৈধ প্রচেষ্টার আগে বা পরে
জীবনের প্রতিটি ক্ষেত্রে মুমিনের কর্তব্য হলো- নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করা এবং ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। এই দোয়াটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রচেষ্টা আমাদের দায়িত্ব, আর সফলতা আল্লাহর অনুগ্রহ। এভাবেই একজন মুমিন তার পরিশ্রম ও তাওয়াক্কুলের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়।
আল্লাহ তাআলা আমাদের সকল সৎ প্রচেষ্টায় সাহায্য করুন এবং সফলতা দান করুন। আমিন।

