রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

কোরবানির পশুর বয়সসীমা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২২, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

কোরবানির পশুর বয়সসীমা

কোরবানি ইসলামি শরিয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্য থাকার পরও যে কোরবানি করে না, হাদিসে তার নিন্দা করা হয়েছে। ছাগল, ভেড়া বা দুম্বা দ্বারা কোরবানি দিলে একা দিতে হবে (মুসলিম: ১৩১৮; কাজিখান: ৩/৩৪৯)। গরু-মহিষ ও উটের ক্ষেত্রে একটি প্রাণীতে সর্বাধিক সাতজন অংশীদার হতে পারেন, চাই একই পরিবারের সদস্য হোক বা একাধিক পরিবারের। (নুখাবুল আফকার: ১২/৫৩২, মিরকাত: ৩/১০৮০)

তিন শ্রেণির চতুষ্পদ জন্তু দিয়ে কোরবানি করা যাবে। যেমন ১) ছাগল, ভেড়া ও দুম্বা। ২) গরু, মহিষ। ৩) উট। তাদের আবার নির্দিষ্ট বয়সসীমা আছে। উটের বয়স পাঁচ বছর হতে হবে। গরু ও মহিষের বয়স দুই বছর হতে হবে। ছাগল, ভেড়া ও দুম্বার বয়স এক বছর হতে হবে। 


বিজ্ঞাপন


নাফে (রহ.) বর্ণনা করেছেন, ‘আব্দুল্লাহ ইবনে উমর (রা.) কোরবানি, হজ এবং ওমরার পশুর ক্ষেত্রে উটের বয়স পাঁচ বছর, গরু ও মহিষের বয়স দুই বছর এবং ছাগল, দুম্বা ও ভেড়ার ক্ষেত্রে এক বছর বয়স হওয়ার কথা বলতেন।’ (মুআত্তা মালেক: ৭৫৪)

আবার ছাগল, ভেড়া ও দুম্বার বয়সে প্রয়োজনের ক্ষেত্রে ছাড় আছে। যেমন- ছাগল ও ভেড়া এক বছর পরিপূর্ণ না হয়ে যদি বছরের অধিকাংশ সময় অতিবাহিত হয় এবং দেখতে এক বছরের বাচ্চার মতো মনে হয় তাহলে এ ধরনের দুম্বা ও ভেড়া দিয়ে কোরবানি জায়েজ হবে। 

জাবির (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (স.) বলেছেন, তোমরা কোরবানির ছাগলের ক্ষেত্রে এক বছর বয়স হওয়া ছাড়া জবাই করবে না। তবে সংকটের অবস্থায় ছয় মাস বয়সী ভেড়া-ছাগল জবাই করতে পারবে।’ (সহিহ মুসলিম: ৩৬৩১) 

অন্য হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (স.) বলেছেন, তোমরা কোরবানির পশু ‘মুসিন্না’ ছাড়া জবেহ করবে না। তবে সংকটের অবস্থায় ছয় মাস বয়সের ভেড়া-দুম্বা জবেহ করতে পারবে। (মুসিন্না হলো- পাঁচ বছর বয়সী উট, দুই বছরের গরু, মহিষ এবং এক বছর বয়সী ছাগল, ভেড়া বা দুম্বা। (সহিহ মুসলিম: ১৯৬৩; আবু দাউদ: ২৭৯৭; ইবনে মাজাহ: ৩১৭৯)


বিজ্ঞাপন


কুলাইব (রহ.) বর্ণনা করেছেন, আমরা মুজাশি নামের একজন সাহাবির সঙ্গে ছিলাম। তিনি সুলাইম গোত্রের লোক ছিলেন। ওই সময় ছাগল-ভেড়ার সংকট দেখা দেয়। তখন তিনি একজনকে এই ঘোষণা দিতে বলেছেন যে, রাসুলুল্লাহ (স.) বলেছেন, নিশ্চয়ই ছয় মাস বয়সের দুম্বা এক বছর বয়সের দুম্বার স্থলাভিষিক্ত হতে পারে। (আবু দাউদ : ২৪১৭)

উল্লেখ্য, কোরবানি করতে হবে সাধ্যের মধ্যে উৎকৃষ্ট পশু দিয়ে এবং তা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিশুদ্ধ নিয়তে সঠিক পদ্ধতিতে সঠিক বয়সের পশু কোরবানি করার তাওফিক দান করুন। আমিন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর