রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

অন্ধ আনুগত্য ইসলাম সমর্থন করে না

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন ২০২২, ১০:৫৬ এএম

শেয়ার করুন:

অন্ধ আনুগত্য ইসলাম সমর্থন করে না

মুমিন যে কারো আনুগত্য গ্রহণ করতে পারে না। ইসলামি শরিয়তে আনুগত্য ও অনুসরণের মূল ভিত্তি হলো- আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশের অনুকূল হতে হবে, বিপরীত হবে না। রাসুলুল্লাহ (স.) বলেন, ‘পাপ কাজের আদেশ না করা পর্যন্ত ইমামের কথা শোনা ও তাঁর আদেশ মান্য করা অপরিহার্য। তবে পাপ কাজের আদেশ করা হলে তা শোনা ও আনুগত্য করা যাবে না।’ (সহিহ বুখারি: ২৯৫৫)

অর্থাৎ মুমিনের জন্য আনুগত্য তখনই বৈধ, যখন ইমাম দীনের বিরুদ্ধাচরণ করবেন না, বরং দীনের সহযোগী হবেন। আল্লাহ তাআলা বলেন, ‘হে বিশ্বাসীরা, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসুলের ও তোমাদের নেতৃবৃন্দের’ (সুরা নিসা: ৫৯)। আয়াতে উল্লেখিত ‘উলুল আমর’ দ্বারা বিশেষভাবে ধর্মীয় নেতৃত্ব এবং সাধারণভাবে সব ধরনের বৈধ নেতৃত্ব উদ্দেশ্য।


বিজ্ঞাপন


আনুগত্যের প্রশ্নে ব্যক্তি, বংশ বা বর্ণের চেয়ে ‘দীনদারি’ ও ন্যায়ানুগতাকে প্রাধান্য দিয়েছে ইসলাম। রাসুলুল্লাহ (স.) বলেন, ‘যদি তোমাদের নেতা হিসেবে কোনো কৃষ্ণাঙ্গ দাসকে নিয়োগ দেওয়া হয় এবং সে আল্লাহর কিতাব অনুসারে তোমাদের নেতৃত্ব দেয়, তবে তার কথা শোনো এবং আনুগত্য করো।’ (সহিহ মুসলিম: ৪১৯২)

তাই অনুসারীদের দায়িত্ব হলো কারো আনুগত্য ও অনুসরণ করার আগে কোরআন-হাদিসের আলোকে যাচাই করে নেওয়া। ইরশাদ হয়েছে, ‘আমি তাদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম—যারা আমার নির্দেশ অনুসারে পথপ্রদর্শন করত, যেহেতু তারা ধৈর্যধারণ করেছিল। আর তারা ছিল আমার নিদর্শনাবলিতে দৃঢ় বিশ্বাসী।’ (সুরা সাজদা: ২৪)

পূর্বপুরুষের অন্ধ অনুকরণ নিন্দনীয়

যারা সত্যের বিপরীতে অন্ধ অনুকরণের অংশ হিসেবে পূর্বপুরুষের সংস্কার, মতবাদ ও বিশ্বাস আঁকড়ে ধরে এবং সে অনুযায়ী কাজ করে পবিত্র কোরআনের অসংখ্য স্থানে তাদের নিন্দা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন—


বিজ্ঞাপন


‘যখন তাদের বলা হয়, এসো আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসুলের দিকে। তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদের যার ওপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট।’ (সুরা মায়েদা: ১০৪)

অন্ধ অনুসারীদের প্রতি কোরআনের প্রশ্ন

যারা পূর্বপুরুষের অন্ধ অনুকরণ করে এবং কুসংস্কার আঁকড়ে ধরে থাকতে চায় তাদের প্রতি কোরআনের প্রশ্ন হলো, ‘যদি তাদের পূর্বপুরুষরা কিছু না জানে এবং তারা সুপথপ্রাপ্ত না হয়?’ (সুরা মায়েদা: ১০৪) অর্থাৎ পূর্বপুরুষরা ভুলের মধ্যে থাকলেও কি তারা তাদের অনুসরণ করবে? তাদের তো উচিত সুপথের অনুসারী ও সত্যসন্ধানী হওয়া।

নেতা মানেই সুপথের অনুসারী নয়

একজন নেতার কাজ অনুসারীদের সঠিক পথ দেখানো। কিন্তু কোনো কোনো নেতা তার অনুসারীদের বিপথগামীও করেন। ইরশাদ হয়েছে, ‘আমি তাদের নেতা বানিয়েছিলাম, তারা লোকদের জাহান্নামের দিকে আহবান করত, কেয়ামতের দিন তাদের সাহায্য করা হবে না।’ (সুরা কাসাস: ৪১)

নেতার অধঃপতনে সমাজ ধ্বংস

যখন নেতা সত্যবিচ্যুত হয়, তখন তার মন্দ প্রভাব সমাজের ওপর পড়ে। মহান আল্লাহ বলেন, ‘আমি যখন কোনো জনপদ ধ্বংস করতে চাই, তখন তার সমৃদ্ধশালীদের ভালো কাজের নির্দেশ দিই। কিন্তু তারা সেখানে অসৎকর্ম করে। ফলে তাদের প্রতি দণ্ডাদেশ বৈধ হয়ে যায় এবং আমি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দিই।’ (সুরা বনি ইসরাইল: ১৬)

পরকালে প্রত্যেক সম্প্রদায়কে নেতাসহ ডাকা হবে

পৃথিবীতে কারো অনুসরণ ও অনুকরণের ফল পরকালেও প্রতিফলিত হবে। তাই সৎ ও যোগ্যদের নেতা নির্বাচিত করা আবশ্যক। ইরশাদ হয়েছে, ‘স্মরণ করো সেই দিনকে, যখন প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতাসহ ডাকা হবে। যাদের ডান হাতে তাদের আমলনামা দেওয়া হবে, তাদের আমলনামা তারা পাঠ করবে এবং তাদের ওপর সামান্য পরিমাণ অবিচার করা হবে না।’ (সুরা বনি ইসরাইল: ৭১)

অন্ধ আনুগত্যের পরকালীন পরিণতি

অন্ধ অনুকরণ ও আনুগত্যের পরকালীন পরিণতি হবে ভয়াবহ। পবিত্র কোরআনের একাধিক আয়াতে বিষয়টি বিবৃত হয়েছে।

অনুসারীরা অনুগতদের দোষারোপ করবে কেয়ামতের দিন। আল্লাহ বলেন, ‘তারা আরো বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতা ও বড়দের আনুগত্য করতাম এবং তারা আমাদের পথভ্রষ্ট করেছিল।’ (সুরা আহজাব: ৬৭)

অনুসারীরা শুধু দোষারোপ করে থামবে না; বরং নেতাদের দ্বিগুণ শাস্তি দাবি করবে। প্রসঙ্গটি পবিত্র কোরআনে এসেছে এভাবে—‘হে আমাদের প্রতিপালক, তাদের দ্বিগুণ শাস্তি দাও এবং তাদের দাও মহা অভিশাপ।’ (সুরা আহজাব: ৬৮)

কিন্ত দুনিয়ার অহংকারী নেতারা দায় অস্বীকার করবে। ‘যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল দাম্ভিকরা তাদেরকে বলবে- তোমাদের কাছে সত্য পথের দিশা আসার পর আমরা কি তোমাদেরকে তা থেকে বাধা দিয়েছিলাম? বরং তোমরা নিজেরাই ছিলে অপরাধী। (সুরা সাবা: ৩২)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অন্ধ আনুগত্যের পাপ থেকে হেফাজত করুন। দীন পালনে সহযোগী, উম্মাহর দরদী, ন্যায়পরায়ণ ও যোগ্য নেতার আনুগত্য করার তাওফিক দান করুন। আমিন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর