সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

ঈদের দিন মুমিনের মননে-মগজে ‘আল্লাহু আকবর’

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ০৭:৪৮ পিএম

শেয়ার করুন:

ঈদের দিন মুমিনের মননে-মগজে ‘আল্লাহু আকবর’

মুমিনের জীবনে আল্লাহু আকবর ধ্বনির চেয়ে বড় কোনো ধ্বনি নেই। আল্লাহু আকবর অর্থ—আল্লাহ মহান। এই তাকবির উচ্চারণের মাধ্যমে মূলত আল্লাহর বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব প্রকাশ করা হয়। শক্তি-সামর্থ-সম্মান সবদিক থেকে আল্লাহ মহান, সবার ঊর্ধ্বে—তাকবির সে অর্থেরই প্রতীক।

পবিত্র রমজান শেষে ঈদুল ফিতর উদযাপনের পুরো প্রক্রিয়াটিই ‘আল্লাহু আকবর’-এর মর্মবাণীকে তুলে ধরে। আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজার কল্যাণকর নির্দেশ এবং বান্দাকে সেই নির্দেশ পালন করার তাওফিক দেওয়ার কারণে মহান আল্লাহর শুকরিয়া এবং তাঁর মহত্ব বর্ণনা করা ঈদুল ফিতরের তাৎপর্য। রোজার বিধান যেমন আল্লাহ তাআলা দিয়েছেন, তেমনি এর ওপর শুকরিয়া আদায়ের শিক্ষাও তিনিই দিয়েছেন। বান্দার সমগ্র সত্ত্বাজুড়ে আল্লাহর বড়ত্ব ও মহত্বের ঘোষণা ও বহিঃপ্রকাশ বান্দাকে পূর্ণ শোকরগুজার বান্দায় পরিণত করে, ঈমানের নূরে আলোকিত হয় তাঁর ঈদ উদযাপন।


বিজ্ঞাপন


এজন্য অন্তর থেকে আল্লাহর বড়ত্ব স্বীকার করার পাশাপাশি মৌখিকভাবেও ‘আল্লাহু আকবর’ বলা ঈদের দিনের একটি উত্তম জিকির। সাহাবায়ে কেরাম ও সলফে সালেহিন ঈদের রাতে ও সকালে তাকবির পাঠ করতেন। ঈদগাহে যাওয়ার সময়ও নিচুস্বরে তাকবির বলতেন। 

ঈদের নামাজের অতিরিক্ত তাকবির এবং খুতবার তাকবিরগুলো ঈদুল ফিতরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই বিধানগুলোর মধ্য দিয়ে মূলত জগতের সকল মিথ্যা বড়ত্বের দাবিদারকে পরিত্যাগ করা হয়। স্বীকার করে নেওয়া হয় লা-শরীক আল্লাহর বড়ত্বকে। আর এটিই মু’মিনের ঈমানের বহিপ্রকাশ।

ইসলামকে বাদ দিয়ে মানুষ যেসব মত ও ব্যবস্থা তৈরি করে নিয়েছে, যে সংস্কৃতিকে কুর্ণিশ করছে আর অর্থ-সম্পদ, প্রবৃত্তি ইত্যাদি দুনিয়াবি ছলনাকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে-সকল মিথ্যার প্রতি অস্বীকৃতি জানিয়ে আল্লাহর বড়ত্ব ও কর্তৃত্বে প্রত্যাবর্তন করা এবং কর্ম, চিন্তা ও চেতনায় আল্লাহর আনুগত্য মেনে নেওয়াই হলো এই দীনের দাবী ও মর্মবাণী।

তাই ঈদের দিনে ‘আল্লাহু আকবর’ ধ্বনির প্রেরণায় উজ্জীবিত হওয়া, এক আল্লাহর আনুগত্যে সমর্পিত হওয়া মুমিন মুসলমানের জন্য বাঞ্ছনীয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঈদুল ফিতরে তাকবির ধ্বনি মননে-মগজে ও জিহ্বায় জারি রাখার তাওফিক দান করুন। আমিন।


বিজ্ঞাপন


 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর