শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

নুহ (আ.)-এর যে দোয়ায় পুরো জাতি ধ্বংস হয়েছিল

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

নুহ (আ.)-এর যে দোয়ায় পপুরো জাতি ধ্বংস হয়েছিল

পবিত্র কোরআনে এমন এক দোয়ার উল্লেখ রয়েছে, যে দোয়া কবুলের মাধ্যমে আল্লাহ তাআলা পুরো এক জাতিকেই ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহর নবী নুহ (আ.) সাড়ে ৯০০ বছর দাওয়াত দেওয়ার পরও যখন তাঁর সম্প্রদায়ের মানুষ কুফুরি থেকে ফিরে আসছিল না, তখন তিনি আল্লাহর কাছে বাধ্য হয়ে তাদের ধ্বংসের জন্য দোয়া করেছিলেন। কারণ সেই সম্প্রদায়ের লোকেরা হেদায়াত পাওয়ার উপযুক্ত ছিল না। বরং তাদের থেকে জন্ম নেওয়া পরবর্তী প্রজন্মও কাফের মুশরিকই হত। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন—

‘নূহ আমাকে বলল, হে আমার মালিক, আমি আমার জাতিকে দিবস রজনীতে, কালে-বিকালে সাড়ে নয়শ’ বছর দাওয়াত দিয়েছি। তারা আমার কথা শোনেনি, বরং শিরক ও কুফরিতে লিপ্ত থেকেছে। যতই দ্বীনের দাওয়াত দিয়েছি, তাদের অবাধ্যতার মাত্রা বেড়ে গিয়েছে। এবার আমি বলছি- আপনি তাদের নির্মূল করে দিন। আজাব পাঠিয়ে ধ্বংস করে দিন। নতুবা এরা এতই খারাপ হয়ে গেছে যে, নিজেরা তো হেদায়াত পাবেই না, বরং এদের থেকে জন্ম নেয়া পরবর্তী প্রজন্মও কাফের মুশরিকই হবে। এরপর কওমে নুহকে আল্লাহ জলোচ্ছ্বাস, বন্যা দিয়ে সম্পূর্ণ বিলুপ্ত করে দেন। কেবল একটি নৌযানে অল্প কিছু ঈমানদার নুহ (আ.) এর সাথে দুনিয়ায় থেকে যায়। (আল কোরআনের সূরা নূহ এর ২৬-২৭ নং আয়াতের ভাবার্থ)।

নুহ (আ.)-এর সেই দোয়াটি হলো— رَبِّ انۡصُرۡنِیۡ بِمَا کَذَّبُوۡنِ উচ্চারণ: ‘রাব্বি আনসিরনী বিমা- কাযযাবূন’ অর্থ: ‘হে আমার রব! আমাকে সাহায্য করুন ওই বিষয়ে, যে বিষয়ে তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে।’ (সুরা মুমিনুন: ২৬)

এ বিষয়ে নুহ (আ.)-এর আরেকটি দোয়া হলো— رَّبِّ لَا تَذَرۡ عَلَی الۡاَرۡضِ مِنَ الۡکٰفِرِیۡنَ دَیَّارًا উচ্চারণ: ‘রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরীনা দাইয়ারা।’ অর্থ: ‘হে আমার রব! জমিনের উপর কোনো অবিশ্বাসীকে অবশিষ্ট রাখবেন না।’ (সুরা নুহ: ২৬)

আরও পড়ুন: শত্রুর অনিষ্ট থেকে বাঁচার দোয়া

উল্লেখ্য, এসব দোয়া নুহ (আ.) তখনই করেছিলেন, যখন নিশ্চিত হয়েছিলেন যে, তাঁর সম্প্রদায়ের লোকেরা কখনও ঈমান আনবে না। আল্লাহ তাআলাই তাঁকে বিষয়টি জানিয়েছিলেন। সে কথা পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে এভাবে— ‘যারা ঈমান এনেছে তারা ছাড়া আপনার সম্প্রদায়ের অন্য কেউ কখনো ঈমান আনবে না। কাজেই তারা যা করে তার জন্য আপনি দুঃখিত হবেন না।’ (সুরা হুদ: ৩৬)

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর