হবিগঞ্জের সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.)-এর উত্তরসুরি ‘জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃ্ত্ত’ গ্রন্থটির প্রকাশনা উৎসব হয়েছে লন্ডনে।
রোববার (৮ নভেম্বর) লন্ডন সময় বিকেল ৫টায় পূর্বলন্ডনের বাংলা টাউনের ব্রিকলেন জামে মসজিদের কনফারেন্স হলে এ অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন সৈয়দ অলি উল্লাহর বংশধর সৈয়দ মোর্তুজা আলী। টিভি প্রেজেন্টার হেনা বেগম ও ড. আনসার আহমদ উল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ জোনাব রব্বানী।
মূলপ্রবন্ধ পাঠ করেন সম্মিলিত সাহিত্য পরিষদ যুক্তরাজের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল। স্বাগত বক্তব্য দেন গ্রন্থটির লেখক সাংবাদিক মতিয়ার চৌধুরী।
বক্তারা বলেন, বইটি শুধু একটি পরিবারের ইতিহাস নয়, এতে উঠে এসেছে সমগ্র সিলেটের প্রাচীন ইতিহাসের একটি চিত্র। সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী এই গ্রন্থে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন হজরত শাহ জালাল (রহ.)-এর সিলেট বিজয়ের পর তার অন্যতম সফরসঙ্গী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিনের তরফরাজ্য বিজয় ও সেই সময়কার বাস্তবতা। এই গ্রন্থে যেমন তুলে ধরা হয়েছে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন ও তার বংশধরদের বিবরণী, ঠিক তেমনি উঠে এসেছে সমগ্র সিলেটের প্রাচীন ইতিহাসের একটি সংক্ষিপ্ত খণ্ডচিত্র।
আলোচকরা বলেন, হজরত শাহ জালাল (রহ.)-এর সঙ্গে আগত ৩৬০ আউলিয়ার মধ্যে আটজন জগন্নাথপুরে বসতি স্থাপন করেন। এ কারণে জগন্নাথপুরকে বলা হয় আট আউলিয়ার জনপদ। তাদের অন্যতম হলেন জহিরপুর সৈয়দ বাড়ির আদিপুরুষ সৈয়দ শাহ অলি উল্লাহ (রহ.)।
আলোচনায় অংশ নেন- বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক গবেষক ফারুক আহমদ, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লন্ডনের সভাপতি মোহাম্মদ হরমুজ আলী, সাংবাদিক টিভি প্রেজেন্টার উর্মি মাজহার, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহসভাপতি আহাদ চৌধুরী বাবু, বাংলাদেশ প্রেসক্লাব লন্ডনের সভাপতি সাকির হোসেন, ইউকে বাংলা রিপোটার্স ইউনিটির সহসভাপতি ইমদাদুন খান, রাজনীতিবিদ গয়াছুর রহমান গয়াছ।
জহিরপুর সৈয়দ পরিবারের পক্ষ থেকে সৈয়দ জুনাব রব্বানী, সৈয়দ সাজ্জাদ আলী, সৈয়দ গোলাব আলী, কবি শাহ লাভলী রহমান, মঈন উদ্দিন চৌধুরী (পাপ্পু), কবি ফয়েজুর রহমান ফয়েজ, কবি শামসুদ্দিন চৌধুরী, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া, ইউকে বাংলা রিপোটার্স ইউনিটির য়ুগ্ম সম্পাদক কবি আসমা মতিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মুজিবুল হক মনি, সাংবাদিক এ রহমান অলি, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি প্রবীণ সাংবাদিক রহমত আলী, কমিউনিটি ব্যক্তিত্ব আমির হোসেন, আঙ্গুর আলী, ফারুক মিয়া প্রমুখ আলোচনা করেন।
এলএ




