অনিয়মিত অভিবাসন, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে আরও কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে ইতালি। মৃত্যুঝুঁকি নিয়ে লিবিয়া হয়ে সাগরপথে ইউরোপে প্রবেশের চেষ্টা না করে বৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে মানুষকে সচেতন করতে চায় দেশটি। এ ক্ষেত্রে গণমাধ্যম ও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকাস্থ ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাদারীপুরের মোস্তফাপুরে মাদারীপুর ও শরীয়তপুরের সাংবাদিকদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় ‘নিরাপদ অভিবাসন, মানবপাচার, অভিবাসী চোরাচালান ও টেকসই পুনরেকত্রীকরণ’ বিষয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে দুই জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৬১ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় ইতালির রাষ্ট্রদূত বলেন, বিদেশে যাওয়াই জীবনে সফল হওয়ার একমাত্র পথ নয়। দেশে থেকেও সম্মানজনক জীবন গড়ার সুযোগ রয়েছে— এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। অভিবাসনের সিদ্ধান্ত নেওয়ার আগে দালালের ওপর নির্ভর না করে সরকারি সংস্থা ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য যাচাই করার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে অনেক মানুষ জীবন বিপন্ন করছেন। বিশেষ করে লিবিয়া হয়ে সাগরপথে যাত্রার ক্ষেত্রে প্রাণহানি ও নানা ধরনের নির্যাতনের ঝুঁকি রয়েছে। এসব বিপদ সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি নিরাপদ ও বৈধ অভিবাসনের সুযোগ সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়া জরুরি।
অভিবাসন বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে আন্তোনিও আলেসান্দ্রো বলেন, এ বিষয়ে সাংবাদিকদের প্রতিবেদন মানুষের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পাচারকারী চক্রের কার্যক্রম নিয়েও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা প্রয়োজন।
তার মতে, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের ঝুঁকি তুলে ধরা সম্ভব। একই সঙ্গে অপরাধী চক্রের কার্যক্রম সম্পর্কে মানুষকে সতর্ক করা এবং অনিয়মিত অভিবাসনের বিপদ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো যেতে পারে।
কর্মশালায় বক্তব্য দেন- ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ কার্যালয়ের ফার্স্ট সেক্রেটারি লরা কার্তানিয়া ইয়াখ, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নূরুল কাদের, ঢাকাস্থ ইতালি দূতাবাসের মাইগ্রেশন অ্যাটাশে জুসেপ্পে দি জোভান্নি, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান, ‘প্রবাস কথা’র সম্পাদক মুনজুরুল করিম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রাসেল।
নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ এবং বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রতিনিধি/এলএ




