বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

লেবাননে বৈধভাবে নিরাপদে থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের

ওয়াসীম আকরাম, লেবানন
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পিএম

শেয়ার করুন:

লেবাননে বৈধভাবে নিরাপদে থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের
বৈরুতের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন। ছবি: ঢাকা মেইল

লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ‘ফ্রি ভিসা’ নিয়ে ভুল ধারণা এবং অনিয়মিত হয়ে পড়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জরুরি বার্তা দিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন মঙ্গলবার এক ভিডিও বার্তায় প্রবাসীদের বৈধভাবে থাকার আহ্বান জানান।

ভিডিওতে লেবানন প্রবাসী ভাই-বোনদেরকে সালাম জানিয়ে তিনি বলেন, আমাদের অনেক প্রবাসী ভাই-বোন বলেন আমরা ফ্রি ভিসায় এসেছি। আসলে ফ্রি ভিসা বলতে কোনো কিছু নেই। আপনি যখনই এদেশে আসেন, আপনার ভিসা যখন ইস্যু হয়, তখন আপনি কোনো না কোনো কফিল বা স্পন্সরের আন্ডারেই আসেন।

তিনি আরও বলেন, কফিলের দায়িত্ব হলো প্রবাসীকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা এবং ৩ মাসের মধ্যে তার ইকামা বা রেসিডেন্স পারমিট করে দেওয়া। ইকামার সাথে ওয়ার্ক ইন্স্যুরেন্স ও হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। কোনো দুর্ঘটনা বা অসুস্থতায় এই ইন্স্যুরেন্সই ক্ষতিপূরণ ও চিকিৎসা সহায়তা দেবে।

অবৈধ হলে চরম ঝুঁকি উল্লেখ করে তিনি বলেন,  ইকামা না থাকলে আপনি অনিরাপদ। আপনার কোনো গার্ডিয়ান নেই। গ্রেফতার হলে আপনার পক্ষে কেউ থাকবে না। কফিলের কাছ থেকে পালিয়ে গেলে কফিল আপনার বিরুদ্ধে পলাতক কেস, এমনকি চুরির মামলাও দিতে পারে। পরে দেশে যেতে বা নতুন কাগজপত্র করতে গেলে বড় সমস্যায় পড়বেন।

‘বৈধ কর্মীর অধিকার সুরক্ষিত’ প্রসঙ্গে দূতাবাসের এই কর্মকর্তা বলেন, একজন বৈধ, নিয়মিত ইকামাধারী কর্মীর সকল অধিকার এই দেশের আইনে, আন্তর্জাতিক আইনে এবং বাংলাদেশের আইনে নিশ্চিত করা আছে। কিছু লোকের বুদ্ধিতে বা কিছু টাকা বেশি আয়ের আশায় অনিয়মিত হয়ে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলবেন না।

অবৈধকর্মী মৃত্যুর পরেও ভোগান্তি বলে উল্লেখ করেন। সম্প্রতি বেশ কিছু অনিয়মিত কর্মী দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন- তাদের বিএমইটি বা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্ড না থাকায় মরদেহ দেশে পাঠাতেও সরকারকে বেগ পেতে হয়েছে।

দূতাবাসের  পক্ষ থেকে তিনি আহ্বান জানিয়ে বলেন, আপনারা নতুন যারা আসবেন, কফিলের অধীনেই থাকুন। কফিল রিসিভ না করলে সরাসরি দূতাবাসে চলে আসুন। আপনাদের ৩ মাসের মধ্যে ইকামা না করে দিলে দূতাবাসকে জানান। দূতাবাস আপনার পক্ষ হয়ে স্পন্সরের সাথে কথা বলবে।

এছাড়া আপনারা পুরাতন- যারা অনিয়মিত আছেন, তারা নিয়মিত হওয়ার চেষ্টা করুন। লেবানন সরকার আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ উন্মুক্ত রেখেছে। আপনার ডকুমেন্টের ফটোকপি নিয়ে দূতাবাসে আসুন, দূতাবাস পরামর্শ ও সহযোগিতা করবে। কফিল না পেলেও দূতাবাসের সাথে পরামর্শ করুন।

আর আপনাদের যাদের প্রবাসী কল্যাণ কার্ড (বিএমইটি কার্ড)-এর মেয়াদ শেষ হয়েছে, তারা দ্রুত নবায়ন করুন। এর সাথে ইন্স্যুরেন্স, সরকারি সহায়তা, সন্তানদের স্কুলে ভর্তি, ব্যাংক লোন ও আইনি সহায়তা পাওয়া সহজ হবে উল্লেখ করেন দূতাবাসের এই কর্মকর্তা।

তিনি বলেন, আপনি বৈধভাবে এবং ইকামা নিয়ে থাকার চেষ্টা করুন। এতে আপনি নিরাপদ, আপনার পরিবার নিরাপদ, আপনার ভবিষ্যৎ নিরাপদ। বাংলাদেশ দূতাবাস আপনাদের পাশে আছে। দালাল থেকে দূরে থাকুন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর