সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে চার দেশের বাংলাদেশি নাগরিকদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস। দেশগুলো হলো রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভা।
জনসচেতনতামূলক এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এ আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিওসহ বিভিন্ন কনটেন্ট অনেক সময় আইনি বা অন্য ধরনের জটিলতা তৈরি করতে পারে।
বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা কিংবা অন্যান্য সংবেদনশীল বিষয়সংক্রান্ত কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।
কোনো পোস্ট বা তথ্য শেয়ার করার আগে বিষয়টি ভালোভাবে যাচাই এবং তথ্যের সত্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, এমন কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ার করা উচিত নয়, যা সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থি, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর হিসেবে বিবেচিত হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো কনটেন্ট থেকে সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করা হচ্ছে বলে মনে হতে পারে— এমন বিষয় থেকেও বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিদেশে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় দেশের আইন ও বিধিবিধানের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে দূতাবাস। পাশাপাশি স্থানীয় আইন-কানুন, সামাজিক মূল্যবোধ ও সংবেদনশীলতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার ব্যক্তিকে সম্ভাব্য আইনি ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত জটিলতা থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। একইসঙ্গে বিদেশে বাংলাদেশ ও বাংলাদেশি নাগরিকদের মর্যাদা ও ইতিবাচক ভাবমূর্তি সমুন্নত রাখতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিজ্ঞপ্তিতে রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত সকল বাংলাদেশিকে সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমকে দায়িত্বশীল, সংযত ও আইনসম্মতভাবে ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
এএইচ




