রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করব: এমপি আবুল হাসান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করব: সিলেটের এমপি
যুক্তরাজ্যের লুটনে নিজের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সিলেট-৫ এমপি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবুল হাসান

প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য (এমপি) ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুফতি আবুল হাসান।

শনিবার (১৫ আগস্ট) যুক্তরাজ্যের লুটনে দলটির উদ্যোগে এমপি আবুল হাসানকে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে লুটনের ঈসা হলে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠানে মুফতি আবুল হাসান বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে তিনি কাজ করবেন।

বিদেশে কোনো প্রবাসী মারা গেলে মরদেহ দেশে ফিরিয়ে আনা ও দাফন-কাফনের ক্ষেত্রে প্রবাসী পরিবারগুলোকে দ্রুত প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়ার জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলার কথাও জানান খেলাফত মজলিসের এই এমপি।

সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি ও পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট না থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, নামে আন্তর্জাতিক বিমানবন্দর হলেও পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট না থাকলে সেটিকে কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দর বলা যায় না। 

2

সিলেট বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানো, প্রবাসীদের হয়রানি বন্ধ এবং বিমানভাড়া যৌক্তিক করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।

আবুল হাসান বলেন, ‘আমাকে জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ নির্বাচিত করেছেন। কিন্তু আমার জন্য দোয়া করেছেন পুরো দেশের মানুষ। তাই আমি শুধু জকিগঞ্জ-কানাইঘাটের এমপি নই, আমি পুরো বাংলাদেশের এমপি। পুরো বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই।’

খেলাফত মজলিস লুটন শাখার সভাপতি মুফতি মাসরুর আহমদ বুরহানের সভাপতিত্বে ও মুহাম্মদ উবায়দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাউথ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবদুল করিম মামরোখানি ও সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান জাকির।

অনুষ্ঠানে কমিউনিটির পক্ষ থেকে প্রবাসীদের স্বার্থ, কওমি মাদরাসার সনদের মূল্যায়ন, ধর্মীয় মূল্যবোধের সুরক্ষা এবং সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের দাবিসহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষদিকে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি আবুল হাসান এমপি।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর