লেবাননের রাজধানী বৈরুতে জুয়া খেলা নিয়ে হট্টগোল ও অবৈধ অবস্থানের অভিযোগে ১০ জন প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় জেনারেল সিকিউরিটি। এই ঘটনার পরপরই প্রবাসীদের আইন মেনে চলার ব্যাপারে কড়া সতর্কবার্তা দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে বৈরুতের জাল আল ব্লত এলাকার জুমা আল হাছাইনি সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালায় স্থানীয় নিরাপত্তা পুলিশ।
বাসার ভেতরে জুয়া খেলা নিয়ে বাংলাদেশিদের মধ্যে উচ্চৈস্বরে কথা কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। অতিরিক্ত চিৎকারে প্রতিবেশী লেবানিজদের অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ১০ জন বাংলাদেশিকে আটক করে।
দূতাবাসের প্রতিনিধি তদন্তে গিয়ে জানতে পারেন আটকদের কারও কাছে বৈধ কাগজপত্র ছিল না। একইসাথে তারা জুয়া ও নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে ডিপোর্টেশন প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রবাসীদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন।
তিনি বলেন, অল্প কিছু অসাধু ব্যক্তির অপকর্মের জন্য পুরো প্রবাসী বাংলাদেশি সমাজ এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ইতিপূর্বেও বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্ক করা হলেও কিছু ব্যক্তি তা অমান্য করে অপরাধে জড়িয়ে পড়ছেন।
তিনি প্রবাসীদের উদ্দেশে কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়ে বলেন, জুয়া ও মাদক থেকে সম্পূর্ণ দূরে থাকুন, অসামাজিক কার্যকলাপ ও উচ্চস্বরে ঝগড়াঝাঁটি পরিহার করুন, জাল ভিসা ও প্রতারণার সাথে জড়িত হবেন না এবং স্বাগতিক দেশের আইন শতভাগ মেনে চলুন।
দূতালয় প্রধান আরও জানান, স্থানীয় সরকার অবৈধ প্রবাসীদের চিহ্নিত করতে তল্লাশি ও যাচাই-বাছাই অভিযান জোরদার করেছে।
সতর্কবার্তার পাশাপাশি প্রবাসীদের জন্য আশার বার্তাও দিয়েছে দূতাবাস। বর্তমানে স্থানীয় সরকারের সহযোগিতায় নিয়মিতকরণ/বৈধকরণ কার্যক্রম চালু রয়েছে। যেসব প্রবাসী কফিল খুঁজে পেয়েছেন, কিন্তু পাসপোর্ট সংক্রান্ত সমস্যায় আছেন- তাদের সব ধরনের আইনি সহায়তা দিচ্ছে দূতাবাস। এমনকি যাদের কাছে শুধু পাসপোর্টের ফটোকপি আছে, তারাও নতুন পাসপোর্ট পেতে দূতাবাসের সাহায্য নিতে পারবেন। ইতিমধ্যে বহু প্রবাসী এই সুবিধা নিয়ে বৈধ হয়েছেন।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, প্রবাসে আমরা প্রত্যেকেই নিজ দেশের প্রতিনিধি। নিজেদের মধ্যকার কোন্দল পুরো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি নষ্ট করে। গভীর রাতে চিৎকার, গান বাজানো বা ঝগড়া থেকে বিরত থাকুন। কোনো সমস্যা হলে ঠান্ডা মাথায় আলোচনা করে সমাধান করুন।
প্রতিনিধি/এলএ




