বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

রোববার প্যারিসে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি

প্যারিস (ফ্রান্স) থেকে মুহাম্মদ নূরুল ইসলাম 
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

F

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে আগামী রোববার (২৪ মে) দেশটির রাজধানী প্যারিসে উদযাপিত হবে শুভ বুদ্ধ পূর্ণিমা ও বুদ্ধ জয়ন্তী। গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভের ত্রিস্মৃতি বিজড়িত এ প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধদের সম্মিলিত উদ্যোগে সকাল ১০টা থেকে প্যারিসের জুরিস পার্ক (জ্যুরিস পার্ক) থেকে রিপাবলিক চত্বর (রিপাবলিক স্কয়ার) পর্যন্ত এক বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক নানা কর্মসূচি পালিত হবে।


বিজ্ঞাপন


বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র ত্রিপিটকের মঙ্গল বাণী পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা, বৌদ্ধ ভিক্ষু সংঘের পিণ্ডচারণ, ধর্মীয় আলোচনা সভা, বাংলাদেশ, ফ্রান্সসহ বিশ্ব শান্তি কামনায় পুণ্যদান, পূজনীয় ভান্তেদের ছোয়াং গ্রহণ, জ্ঞাতিভোজ, ঐতিহাসিক শান্তি শোভাযাত্রা এবং সম্মিলিত ধ্যান অনুশীলন। 

আয়োজকরা জানান, এবারের অনুষ্ঠানকে ঘিরে ফ্রান্সের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বীর উপস্থিতি আশা করা হচ্ছে।

বুদ্ধ জয়ন্তীর প্রস্তুতি সম্পর্কে ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞা বিহার-এর অধ্যক্ষ পণ্ডিত প্রজ্ঞাবংশ মহাথের বলেন, ‘প্রথমবারের মতো ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধরা সম্মিলিতভাবে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করতে যাচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে শান্তি শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য সকল বৌদ্ধদের প্রতি আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, জুরিস পার্ক (জ্যুরিস পার্ক) থেকে রিপাবলিক চত্বর (রিপাবলিক স্কয়ার) পর্যন্ত শান্তি শোভাযাত্রার অনুমতি দেওয়ায় ফ্রান্স সরকারের প্রতি বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায় কৃতজ্ঞ।


বিজ্ঞাপন


বাংলাদেশের বাইরে বর্তমানে সবচেয়ে বেশি বাংলা ভাষাভাষী বৌদ্ধদের বসবাস ফ্রান্সে। দেশটির বিভিন্ন শহরে প্রায় ১০ হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী বসবাস করছেন। প‍্যারিস ও এর আশপাশের এলাকায় বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায় নিজস্ব অর্থায়নে নয়টি স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণ করে দীর্ঘদিন ধরে ধর্মীয় রীতিনীতি পালন করে আসছে।

এদিকে বুদ্ধ জয়ন্তীকে ঘিরে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজকরা আশাপ্রকাশ করছেন, এ আয়োজনের মাধ্যমে ফ্রান্সের বহুসাংস্কৃতিক সমাজে সম্প্রীতি, অহিংসা ও বিশ্বশান্তির বার্তা আরও সুদৃঢ় হবে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর