মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির জানাজা সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির জানাজা সম্পন্ন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৬ মে) ফ্লোরিডায় স্থানীয় সময় দুপুর ২টায় ইসলামিক সোসাইটি অব টাম্পা এরিয়াতে তার জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজায় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের পাশাপাশি স্থানীয় অন্যান্যরাও অংশ নেন। 


বিজ্ঞাপন


এদিকে, বৃহস্পতিবার ফ্লোরিডার স্থানীয় সময় রাত ৮টার দিকে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে। 

এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে প্রথমে মরদেহ দুবাই নেওয়া হবে। পরে সেখান থেকে আরেকটি ফ্লাইটে ৯ মে ঢাকায় পাঠানো হবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। 

কয়েক দিন পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছে কয়েক দফায় তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে জামিলের রুমমেট ও মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)। 

আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। মঙ্গলবার (৫ মে) আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

একই চিঠিতে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক জামিল আহমেদ লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন।

লিমনের সঙ্গেই নিখোঁজ হন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। তিনি যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর