মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইউরোপীয় ইউনিয়নে যোগ দিচ্ছে মন্টেনিগ্রো, দীর্ঘ প্রতীক্ষার অবসান

মুহাম্মদ নূরুল ইসলাম, প্যারিস (ফ্রান্স) থেকে
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

ইউরোপীয় ইউনিয়নে যোগ দিচ্ছে মন্টেনিগ্রো, দীর্ঘ প্রতীক্ষার অবসান

দীর্ঘ ১৪ বছরের প্রতীক্ষার পর অবশেষে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলকান অঞ্চলের ছোট কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাষ্ট্র মন্টেনিগ্রো। দেশটি ২০২৮ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন-এর ২৮তম সদস্য রাষ্ট্র হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

ফ্রান্সের প্রাচীনতম জনপ্রিয় দৈনিক ল্য ফিগারো’র সূত্রমতে, ২০২৬ সালের ২২ এপ্রিল একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটে, যখন ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা মন্টেনিগ্রোর জন্য যোগদান চুক্তির খসড়া প্রণয়নের লক্ষ্যে একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হন। এই সিদ্ধান্তকে মন্টেনিগ্রোর ইউরোপীয় অভিযাত্রার একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।


বিজ্ঞাপন


দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইদা গর্চেভিচ এই অগ্রগতিকে “ব্রাসেলস থেকে আসা চমৎকার সংবাদ” হিসেবে আখ্যা দিয়ে বলেন, এটি প্রমাণ করে যে মন্টেনিগ্রো সঠিক পথেই এগোচ্ছে এবং ২০২৮ সালের লক্ষ্য অর্জন সম্ভব।

ইউরোপীয় কমিশনও এই অগ্রগতিকে ইতিবাচকভাবে দেখছে, যদিও তারা মনে করছে নির্ধারিত সময়সীমা কিছুটা উচ্চাভিলাষী। নতুন চুক্তিতে বিশেষভাবে আইনের শাসন, প্রশাসনিক স্বচ্ছতা এবং গণতান্ত্রিক কাঠামোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, মন্টেনিগ্রো এখনো ইইউ সদস্য না হলেও ২০০২ সাল থেকেই ‘ইউরো’ মুদ্রা ব্যবহার করে আসছে—যা ইউরোপীয় অর্থনৈতিক কাঠামোর সঙ্গে তাদের গভীর সংযুক্তির ইঙ্গিত দেয়।

২০১৩ সালে ক্রোয়েশিয়া ইইউতে যোগদানের পর বর্তমানে মন্টেনিগ্রো এবং আলবেনিয়া সদস্যপদের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে।


বিজ্ঞাপন


২০০৬ সালে স্বাধীনতা লাভ করা মন্টেনিগ্রো দক্ষিণ-পশ্চিম বলকান উপদ্বীপে আড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত একটি ছোট, পাহাড়বেষ্টিত দেশ। এর প্রাকৃতিক সৌন্দর্য, স্থিতিশীল অর্থনীতি এবং ইউরোপীয় সংযোগ এটিকে একটি সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, মন্টেনিগ্রোর ইইউ সদস্যপদ অর্জন দক্ষিণ-পূর্ব ইউরোপে স্থিতিশীলতা বৃদ্ধি করবে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও অভিবাসনের নতুন সুযোগ সৃষ্টি করবে। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জন্যও এটি ইউরোপে প্রবেশের একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর