মালদ্বীপের থা. অ্যাটলের গুরাইধু দ্বীপে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান (২০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত রাশেদুল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল গ্রামের এনামুল হকের ছেলে। মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, রাশেদুল হাসান গুরাইধু দ্বীপের একটি কফিশপে কর্মরত ছিলেন। কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে পানিতে পড়ে যান। স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে গুরাইধু হেলথ সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এই ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাশেদুলের মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মর্মান্তিক এই ঘটনায় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মরদেহ দ্রুত দেশে পাঠাতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
এজেড



