যে শহরে বিষণ্ণতার সুর বাতাসে মেশে, সেখানেই এবার গর্জে উঠবে বাংলার রক। আটলান্টিকের হাওয়ায় ভেসে আসে ফাদোর করুণ সুর। লিসবনের আলফামা পাড়ার সরু গলিতে, ট্যাগাস নদীর পাড়ে বসে পর্তুগিজরা শতাব্দীর পর শতাব্দী ধরে বুকের ভেতরে লুকানো ব্যথা ঢেলে দিয়েছে গানে। সেই শহরেই এবার আসছেন বাংলাদেশের নগরবাউল — জেমস।
লিসবন শুধু পর্তুগিজদের শহর নয়। ইউরোপের তৃতীয় প্রাচীন এই শহরে আজ বাস করেন হাজারো প্রবাসী বাংলাদেশি। তারা প্রতিদিন পেটের টানে পরিশ্রম করেন, কিন্তু বুকের ভেতর বহন করেন বাংলার স্মৃতি — বর্ষার গন্ধ, মায়ের রান্নার স্বাদ, আর পুরনো বন্ধুদের সঙ্গে গানের সন্ধ্যার কথা।সেই স্মৃতিকেই এবার সজীব করে দিতে আসছেন জেমস।
বিজ্ঞাপন
আগামী ২৬ জুলাই, লিসবনের বিখ্যাত ভেন্যু 'Lisboa Ao Vivo'-তে বিকেল ৫টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। জেমস পরিবেশন করবেন তার শ্রোতাপ্রিয় কালজয়ী সব গান। ইতিমধ্যে প্রবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে উৎসাহের ঢেউ।

'কাজা দো বাংলাদেশ' ও 'নোটিসিয়াস বাংলা'র যৌথ উদ্যোগে আয়োজিত 'হবে লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬। রোববার সন্ধ্যায় লিসবনের এভিনিউ রোমাস্থ 'লিটন'স টার্কিশ গ্রিল'-এ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কনসার্টের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানিয়েছেন, দর্শকদের সুবিধার কথা ভেবে তিনটি ভিন্ন মূল্যমানের টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে।
বিজ্ঞাপন
সাধারণ প্রবেশ ২০ ইউরো। গোল্ডেন সার্কেল ৫০ ইউরো আর ভিআইপি টিকিটের জন্য ১০০ ইউরো খরচ করতে হবে জেমস প্রেমীদের।
প্রতিনিধি




