আমেরিকার ফ্লোরিডায় নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি- দুজনকেই হত্যা করেছে ঘাতক। নিহত লিমনের ক্ষতবিক্ষত মরদেহ ইতোমধ্যে উদ্ধার করেছে ফ্লোরিডা পুলিশ। তবে বৃষ্টির মরদেহ এখনো পাওয়া যায়নি।
শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বৃষ্টির মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বোন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
লিমন ও বৃষ্টি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন লিমন। আর বৃষ্টি পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। নিখোঁজ হওয়ার আগের দিন দুজনকে সর্বশেষ ক্যাম্পাসে দেখা গিয়েছিল।
এ ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ (২৬) নামে এক মার্কিন যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে ফ্লোরিডার পুলিশ।
এদিকে বৃষ্টির মৃত্যুর বিষয়ে তার ভাই প্রান্ত গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের আজ ভোরে যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ ফোন করেছে। ওকে (বৃষ্টি) এখনো পাওয়া যায়নি, রিকভার (উদ্ধার) করা যায়নি। ওই সাসপেক্টর (গ্রেফতার হিশাম আবুঘরবেহ) নিশ্চিত করেছে, এটা আসলে দুজনের। সন্দেহভাজন ব্যক্তিটি আরেকটা বডি (মরদেহ) আসলে ডিসপোজ (নষ্ট করা) করতেছিল।’
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রান্ত বলেন, ‘আর আমাকে বলছে, মৃতদেহ পাওয়া যাবে কি না, সেটার নিশ্চয়তা তারা এখনো দিতে পারছে না। সেখানকার স্থানীয় পুলিশ আমাকে ফোন করে এমনটাই বলেছে।’
অন্যদিকে একাধিক গণমাধ্যম প্রান্তর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বৃষ্টির বাসায় রক্তের মধ্যে পড়ে থাকা দেহের একটি অংশের সঙ্গে তার ডিএনএর মিল পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ মরদেহ পাওয়া যাবে কি না, তার কোনো নিশ্চয়তা তারা দিতে পারেনি।
এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) নিখোঁজ শিক্ষার্থী লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে যুক্তরাষ্ট্রের পুলিশ। ফ্লোরিডার হিলসবরোর স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে তার মরদেহ উদ্ধারের কথা জানায়।
এ ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ নামে যে মার্কিন নাগরিককে গ্রেফতার করা হয়েছে, তিনি হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের সঙ্গে একই কক্ষে থাকতেন। তবে কেন এই হত্যাকাণ্ড, তা এখনো জানতে পারেনি যুক্তরাষ্ট্রের পুলিশ।
এএইচ




