সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

আটলান্টিক তীরে লালদীঘির আবহে বৈশাখী উৎসব

চৌধুরী আকবর হোসেন
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

আটলান্টিক তীরে লালদীঘির আবহে বৈশাখী উৎসব
আটলান্টিক তীরে লালদীঘির আবহে বৈশাখী উৎসব

দেখে হুই করেই মনে হতে পারে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদীঘির ময়দানে চলছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। চারদিকে চাটগাঁইয়া টান, লাল-সাদা পোশাক, নাচ-গান আর মানুষের প্রাণচাঞ্চল্যে ভরা এক উৎসবমুখর পরিবেশ। 

তবে বাস্তবে এই আয়োজন হয়েছে ইউরোপের দেশ পর্তুগালে, আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে—ভিন্ন আমেজে বৈশাখ বরণ। 


বিজ্ঞাপন


রোববার দিনভর প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈশাখী উৎসব ও চাটগাইয়া মিলনমেলা পরিণত হয় এক প্রাণের মেলায়। নাচ, গান, কবিতা আবৃত্তি ও আঞ্চলিক সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রবাসে তৈরি করে এক টুকরো দেশের আবহ।

অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল খেলাধুলা ও বিনোদনের বিশেষ আয়োজন। নারী ও পুরুষদের জন্য আলাদা খেলাধুলার পর্ব, পারিবারিক মিলন এবং গ্রুপ ফটো সেশন উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। পাশাপাশি র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।

সাংস্কৃতিক আয়োজন ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। বৈশাখী গান, নৃত্য ও কবিতা আবৃত্তির পাশাপাশি আঞ্চলিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। লাল-সাদা পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।

সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি দর্শনার্থীদের জন্য ছিল বাঙালির ঐতিহ্যবাহী খাবারের সমাহার। পান্তা-ইলিশ, ভর্তা, পিঠা, মেজবান, চটপটি ও ফুচকাসহ দেশীয় নানা খাবার উৎসবে যোগ করে বিশেষ আকর্ষণ।

আয়োজকরা জানান, প্রবাসে থেকেও বাংলা ভাষা, সংস্কৃতি ও চাটগাইয়া ঐতিহ্য ধরে রাখতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মতে, এমন মিলনমেলা প্রবাসীদের মধ্যে সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ার। আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি লিডার রানা তসলিম উদ্দিন ;পর্তুগাল বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রনি মোহাম্মদ, সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ও মোরারিয়া বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক মাছুম আহমদ প্রমুখ।

পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় প্রবাসে আয়োজিত এই ব্যতিক্রমী বৈশাখী উৎসব ও চাটগাইয়া মিলনমেলা, যার আয়োজনে ছিল চট্টগ্রাম অ্যাসোসিয়েশন।

চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মোহাম্মদ ইকবাল চৌধুরী, মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ আলাউদ্দিন, সিমন, জিহাদ ও কাশেম।

সিএ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর