যুক্তরাজ্যে ‘প্রবাসী কার্ড’সহ নানা সুবিধা দেওয়ার কথা বলে প্রতারণা করছে একটি চক্র। তাদের বিষয়ে সতর্ক করেছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে হাইকমিশন থেকে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
হাইকমিশন জানিয়েছে, সম্প্রতি হাইকমিশনের নজরে এসেছে, কতিপয় প্রতারক ব্যক্তি বাংলাদেশ সরকার বা মিশনের কর্মকর্তা পরিচয়ে যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করছে। সেইসঙ্গে প্রবাসী কার্ডসহ বিভিন্ন সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে প্রতারকদের ব্যবহৃত দুটি ফোন নম্বর বিশেষভাবে হাইকমিশনের নজরে এসেছে। নম্বরগুলো হলো– +44 7878 709995, +44 7418 352834 । এ বিষয়ে ইতোমধ্যে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশ হাইকমিশন বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ, সেবা বা কর্মসূচি গ্রহণ করা হলে তা কেবলমাত্র হাইকমিশনের অফিসিয়াল প্ল্যাটফর্ম— ওয়েবসাইট বা ফেসবুক পেজের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এ ধরনের ভুয়া প্রতিশ্রুতি বা যোগাযোগে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। কোনো ব্যক্তি বা নম্বরের সঙ্গে আর্থিক লেনদেন করার আগে যথাযথভাবে যাচাই-বাছাই করার জন্যও পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
এসএইচ/ক.ম




